দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জায়েদ খানের সঙ্গে জুটি বেঁধে বাংলাদেশি ‘ছায়াবাজ’ নামের একটি ছবিতে কাজ করছেন কলকাতার সায়ন্তিকা ব্যানার্জী। গেল ৩০ আগস্ট ঢাকায় নেমেই কক্সবাজার উড়াল দেন শুটিংয়ের জন্য। সেখানে প্রথম লটের শুটিং করে কলকাতায় ফিরে গেছেন তিনি।
শুরু থেকেই জায়েদ খানের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সায়ন্তিকা। বিভিন্ন গণমাধ্যমে এই নায়কের প্রতি মুগ্ধতার কথা জানিয়েছেন তিনি। তবে এখন শোনা যাচ্ছে, তার ওপর নাকি রাগ করে কলকাতায় ফিরে গেছেন এই নায়িকা।
এটাকে বিভ্রান্তিকর খবর দাবি করে বিরক্ত জায়েদ। তার কথায়, ‘সায়ন্তিকার কথাই ছিল ছবির কাজ দুই লটে শেষ করবেন। প্রথম লট শেষ করে তিনি চলে গেছেন। বাকিটা সামনে ঢাকায় বসে শেষ করব। আমাদের লট তো দুইটি— কক্সবাজার ও ঢাকায়। তিনি যদি রাগ করে চলেই যেতেন, তাহলে আমার সঙ্গে কি সেকেন্ড ছবি সাইন করতেন!’
এই মিথ্যাচারের পেছনে সরাসরি চিত্রনায়িকা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণকে দুষছেন তিনি। জায়েদ বলেন, ‘পক্ষ-বিপক্ষ থাকবে না! নিপুণ একটা গ্রুপ মেইনটেইন করছেন। তিনি কোথায় গেলেন, কী করলেন— এসব খবর নিয়ে আমি ফিরি না। আমি আমার কাজ নিয়ে ব্যস্ত। আর এই গ্রুপটা লেগেই থাকে জায়েদের বিরুদ্ধে খারাপ কিছু বলতে। কেউ যদি পেছনে লেগেই থাকেন, তাহলে কী করার আছে! আমি কি পৃথিবীর সব মানুষের প্রিয় পাত্র হতে পারব?’
অভিনেত্রী শিমু হত্যার পর তাকে খুনি বলছিলেন অনেকে। সেই প্রসঙ্গেও তুলে এনে জায়েদ বলেন, ‘একটা নায়িকা খুন হওয়ার পর থেকেই তো আমার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে যে, এই খুন করছে জায়েদ খান! অনেকে তো তার বাসায় গিয়ে আমার নামে মামলা করতে বলেন। নির্বাচনের (শিল্পী সমিতি) সময় থেকে শুরু হওয়া মিথ্যাচার এখনও চলছে।’
এসব মিথ্যাচারের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছেন না— জানতে চাইলে তিনি বলেন, ‘অসততার সঙ্গে প্রতিযোগিতা করতে ইচ্ছা করে না। যারা অসৎ তারা দিনশেষে অসৎ প্রমাণিত হয়। যারা সৎ তারা সৎ-ই প্রমাণিত হন।’
এদিকে সায়ন্তিকা এখনও দ্বিতীয় লটের শুটিংয়ের সময় জানাননি। তবে শিগগিরই শুটিং শুরু হবে বলে জানালেন জায়েদ।
অন্যদিকে জায়েদ-সায়ন্তিকা জুটির দ্বিতীয় ছবি ‘টাইগার’র শুটিং শুরু হবে এ বছরই। ২০২৪ সালে মুক্তি পরিকল্পনা করছেন ছবির পরিচালক কামরুজ্জামান রুমান।
আরএসও