দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অনেকটা অপ্রত্যাশিতভাবে অনিশ্চয়তার জালে আটকা পড়েছে ‘অন্তর্জাল’। তৃতীয়বারের মতো মুক্তি তারিখ পেছাল সিনেমাটি।
সবশেষ ঘোষণা অনুযায়ী, ৮ সেপ্টেম্বর মুক্তির পাওয়ার কথা ছিল সিনেমাটি। কিন্তু ৭ সেপ্টেম্বর ভারতের সঙ্গে একযোগে বাংলাদেশে ‘জাওয়ান’ মুক্তি পাবে। জেনে-বুঝে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাহরুখের ছবির সঙ্গে টেক্কা দিতে চাইছে না।
ছবির পরিচালক দীপংকর দীপন জানিয়েছেন, ‘অন্তর্জাল’ মুক্তির নতুন তারিখ ২২ সেপ্টেম্বর। আজ রোববার সন্ধ্যায় ট্রেলার প্রকাশের সময় আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
এর আগে ঈদুল আজহায় মুক্তির ঘোষণা দিয়েও সরে দাঁড়ায়। তখন জানানো হয়েছিল, কিছু টেকনিক্যাল সমস্যার কারণে মুক্তি পেছানো হয়েছে। এরপর তারা নতুন মুক্তির তারিখ ঘোষণা করে ২১ জুলাই। এরপর পিছিয়ে ৮ সেপ্টেম্বর তারিখ চূড়ান্ত করা হয়।
‘অন্তর্জাল’কে বলা হচ্ছে দেশের প্রথম সাইবার থ্রিলার সিনেমা। বাংলাদেশের বিরুদ্ধে বিদেশি অপশক্তির ষড়যন্ত্র, সাইবার হামলা আর সেটাকে মোকাবিলার গল্প উঠে আসবে এতে। অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এ বি এম সুমন, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত অন্তর্জাল প্রযোজনা করেছে মোশন পিপল স্টুডিওস লিমিটেড ও স্পেলবাউন্ড লিও বার্নেট।
/আরএসও