দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউড অভিনেত্রী সারা আলি খানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, স্বর্ণমন্দিরে প্রার্থনার সময় আবেগাপ্লুত হয়ে কাঁদছেন অভিনেত্রী। নতুন সিনেমা ‘উড়তা তীর’ মুক্তির আগে সহশিল্পী আয়ুষ্মান খুরানাকে সঙ্গে নিয়ে পাঞ্জাবের অমৃতসরের দরবার সাহিবে প্রার্থনা করতে গিয়েছিলেন তিনি। সেখানে সারার চোখের পানি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক অনুরাগী।
ভিডিওতে দেখা যায়, প্রার্থনার সময় দুই হাত জোড় করে দাঁড়িয়ে আছেন সারা। এ সময় নিবেদনের অংশ হিসেবে তার হাতে ছিল হলুদ রঙের কাপড়। ধর্মীয় স্থানে অভিনেত্রীর আবেগঘন মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের নজর কেড়েছে।
এক ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘কেউ দয়া করে সারা আলি খানের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরুন। এভাবে তাকে কাঁদতে দেখা হৃদয়বিদারক। একজন মানুষ তখনই এতটা কাঁদেন, যখন তিনি ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েন।’
আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘কেদারনাথ থেকে গুরুদুয়ারা, সারা আলি খানকে তার মা অমৃতা সিং যে মূল্যবোধ শিখিয়েছেন, তার প্রশংসা করতেই হয়।’
দরবার সাহিবে যাওয়ার একটি ছবিও শিয়ার করেছেন সারা। ছবিতে সারা ও আয়ুষ্মান দুজনকেই সাদা পোশাকে দেখা যায়। দুজনের হাত প্রার্থনার ভঙ্গিতে জোড় করা ছিল। এ সময় মাথায় ওড়না দিয়ে ঢেকে রেখেছিলেন সারা।
ছবিটি প্রকাশ করে অনুসারীদের দশেরার শুভেচ্ছা জানান অভিনেত্রী। তিনি লেখেন, ‘শুভ দশেরা। সবার জীবনে ভালোবাসা, সৌভাগ্য ও হাসি ছড়িয়ে পড়ুক।’
সারা ও আয়ুষ্মানের নতুন সিনেমা ‘উড়তা তীর’ আগামী ২৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। শুরুতে সিনেমাটি ৯ অক্টোবর মুক্তির পরিকল্পনা থাকলেও পরে তা দুই সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়।
আকাশ এ কৌশিক পরিচালিত সিনেমাটির মধ্য দিয়ে পরিচালনায় অভিষেক হচ্ছে তার। এতে সারা ও আয়ুষ্মানের পাশাপাশি অভিনয় করেছেন রাহুল বোস, রাম কাপুর, সুহেল নায়ার, গুলশন গ্রোভার, মুকুল দেব, রঘুবীর যাদব, ব্রিজেন্দ্র কালা, সন্দীপ আনন্দ, সুপ্রিয়া পিলগাঁওকর ও স্মিতা তাম্বে।
এর আগে ‘পতি পত্নী অউর ওহ দো’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন সারা ও আয়ুষ্মান। নতুন সিনেমার মাধ্যমে আবারও পর্দায় একসঙ্গে দেখা যাবে তাদের।
মুক্তির আগে ‘উড়তা তীর’ নিয়ে বিদেশেও জটিলতা তৈরি হয়েছে। সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, নেপালে সিনেমাটির প্রকাশ্য প্রদর্শনীর অনুমতি দেয়নি দেশটির যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
নেপালের কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ডের পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বোর্ডের পর্যালোচনায় সিনেমাটি দেশটির জাতীয় চলচ্চিত্র (প্রযোজনা, প্রদর্শনী ও বিতরণ) আইন, ২০২৬-এর ৮(৩) ধারার লঙ্ঘন করেছে বলে উল্লেখ করা হয়। এরপর মন্ত্রণালয় প্রকাশ্যে সিনেমাটি প্রদর্শনের অনুমতি দিতে অস্বীকৃতি জানায়।
করণ জোহর, আদর পুনাওয়ালা, অপূর্ব মেহতা, গুনীত মঙ্গা কাপুর ও আচিন জৈনের প্রযোজনায় নির্মিত হয়েছে ‘উড়তা তীর’। সিনেমাটি ধর্মা প্রোডাকশনস ও শিখ্যা এন্টারটেইনমেন্টের যৌথ উদ্যোগ।
/অ