দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষিণী সিনেমায় পরিচিতি পাওয়া অভিনেত্রী কৃতি শেঠি এবার বলিউডে অভিষেক করতে যাচ্ছেন। রোমান্টিক সিনেমার মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে যাত্রা শুরু করবেন তিনি। সিনেমাটি পরিচালনা করবেন বিধি ঘোদগাঁওকর। প্রযোজনায় থাকছে অভিষেক এস ব্যাসের এভিএস স্টুডিওস।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলার এক বিশেষ প্রতিবেদন অনুযায়ী, নতুন এই সিনেমার শুটিং চলতি বছরের শেষ দিকে শুরু হওয়ার কথা রয়েছে। তবে এখনো সিনেমার নাম, অভিনেতা এবং অন্যান্য কলাকুশলীর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
পরিচালক বিধি ঘোদগাঁওকর বলিউড নির্মাতা রোহিত শেঠির সঙ্গে দীর্ঘ ১৭ বছর কাজ করেছেন। তাঁর এই অভিজ্ঞতা নতুন রোমান্টিক সিনেমাটির নির্মাণে ভিন্ন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
তেলেগু সিনেমা ‘উপেনা’র মাধ্যমে পরিচিতি পান কৃতি শেঠি। সিনেমাটিতে অভিনয়ের পর দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এরপর তেলেগু ও তামিল ভাষার একাধিক সিনেমায় অভিনয় করে দক্ষিণী চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করেন।
সম্প্রতি ভিগনেশ শিবান পরিচালিত ‘লাভ ইন্স্যুরেন্স কোম্পানি’ সিনেমায় প্রদীপ রঙ্গনাথন ও এস জে সূরিয়ার সঙ্গে অভিনয় করেছেন কৃতি। এ ছাড়া তাঁর অভিনীত বহুভাষিক সিনেমা ‘জেনি’ মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে আরও অভিনয় করেছেন জয়ম রবি, ওয়ামিকা গাব্বি ও কল্যাণী প্রিয়দর্শন।
দক্ষিণী চলচ্চিত্রে পরিচিতি ও জনপ্রিয়তা অর্জনের পর এবার বলিউডে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন কৃতি শেঠি। রোমান্টিক গল্পের এই সিনেমার মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে তিনি কেমন সাড়া ফেলেন, এখন সেটিই দেখার অপেক্ষা।
এমএম/