দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে অভিনয়ের একটি দৃশ্য ধারণের সময় ক্যামেরাসহ তাঁর মুখের ওপর পড়ে যান চিত্রগ্রাহক (ডিওপি)। এতে নাকসহ মুখে আঘাত পান তিনি। পরে হাসপাতালে গিয়ে এক্স-রে করিয়েছেন এই অভিনেত্রী। তবে নাক ভাঙেনি বলে জানিয়েছেন তিনি। বর্তমানে ব্যথার ওষুধ ও অ্যান্টিবায়োটিক খাচ্ছেন উর্বী।
গতকাল (সোমবার) শুটিংয়ের এই অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তুলে ধরেন প্রিয়ন্তী উর্বী। তিনি জানান, মহাখালীর ক্যান্সার ইনস্টিটিউটে একটি দৃশ্যের শুটিং চলছিল। দৃশ্যটিতে হাসপাতালের বেডে শুয়ে ছিলেন তিনি। অন্যরা বেডটি টেনে একটি কক্ষে নিয়ে যাচ্ছিলেন। ক্লোজ শট নেওয়ার জন্য চিত্রগ্রাহক বেডের ওপর উঠে তাঁর মুখের সামনে ক্যামেরা সেট করছিলেন।
এ সময় বেডটি ঝাঁকি খেলে ভারসাম্য হারিয়ে ক্যামেরাসহ উর্বীর মুখের ওপর পড়ে যান চিত্রগ্রাহক। এতে মুখে আঘাত পান তিনি।
দুর্ঘটনার ভয়াবহতা তুলে ধরে উর্বী লেখেন, ‘এক মুহূর্তের জন্য আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, কথা বলতে পারছিলাম না। ব্যথাটা ছিল অসহ্য! এরপর আমরা হাসপাতালে যাই, এক্স-রে করাই। এখন ব্যথার ওষুধ আর অ্যান্টিবায়োটিক খাচ্ছি।’
তবে এ দুর্ঘটনার জন্য কাউকে দায়ী করতে চান না অভিনেত্রী। তাঁর ভাষ্য, শুটিংয়ে সবাই নিজেদের কাজ ঠিকভাবেই করছিলেন। এটি ছিল নিছক দুর্ঘটনা। তবে এর ফলে তাঁকে যে শারীরিক যন্ত্রণা সহ্য করতে হয়েছে, তা বাস্তব।

উর্বী আরও জানান, দুর্ঘটনায় তাঁর নাক ভাঙেনি, তবে বেশ ফুলে গেছে। বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
আঘাত পাওয়ার পরও শুটিংয়ে ফিরে কাজে অংশ নিচ্ছেন এই অভিনেত্রী। নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন, যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন। শুটিংয়ে কাজ করা অন্যদেরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। উর্বীর কথায়, যত সতর্কতাই অবলম্বন করা হোক না কেন, কখন দুর্ঘটনা ঘটে যায়, তা আগে থেকে বলা যায় না। ‘আলহামদুলিল্লাহ’ বলে নিজের পোস্ট শেষ করেন তিনি।
প্রিয়ন্তী উর্বী ২০১৯ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার মধ্য দিয়ে আলোচনায় আসেন। ২০২১ সালে অনিরুদ্ধ রাসেলের ‘ভেজা বেড়াল’ নাটকের মাধ্যমে অভিনয় শুরু করেন তিনি। এরপর মেজবাউর রহমান সুমনের ‘কোথায় পালাবে বলো রূপবান’ দিয়ে ওটিটিতে নজর কাড়েন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ওয়েব ফিল্ম ‘ক্যাফে ডিজায়ার’, ‘অপলাপ’ ও ‘এই মুহূর্তে’, ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’ এবং ‘কালপুরুষ’। এ ছাড়া ‘নীলচক্র’ সিনেমায়ও অভিনয় করেছেন এই অভিনেত্রী।
এমএম/