দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘ক্রুয়েল ইনটেনশনস’ ও ‘হেলবয়’ সিনেমার অভিনেত্রী সেলমা ব্লেয়ারকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গ্রেপ্তার করা হয়েছে। ৫৪ বছর বয়সী এই অভিনেত্রীকে রোববার (১১ অক্টোবর) রাতে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় সোমবার (১২ অক্টোবর) তার বিরুদ্ধে হামলার দুটি অভিযোগ আনা হয়। লস অ্যাঞ্জেলেস থেকে নিউইয়র্কগামী ডেলটা এয়ারলাইনসের একটি বিমানে দুই ফ্লাইট অ্যাটেনডেন্টকে আহত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অভিনেত্রীর প্রতিনিধিদের দাবি, বিমানে তার গুরুতর শারীরিক সমস্যা দেখা দিয়েছিল।
অভিযোগপত্রে বলা হয়েছে, সেলমাকে হাসপাতালে নেয়ার সময় স্ট্রেচারে আটকে রাখছিলেন এক পুলিশ কর্মকর্তা। তখন তিনি পা সরিয়ে ওই কর্মকর্তার মুখ, ঘাড় ও বুকে একাধিকবার লাথি মারেন বলে অভিযোগ করা হয়েছে। এতে ওই কর্মকর্তা আহত হন। পরে হাসপাতালে নেয়ার সময় এক নার্সের বুকে লাথি মারার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। সোমবার কুইন্সের আদালতে তার বিরুদ্ধে দ্বিতীয় মাত্রার হামলার দুটি অভিযোগ আনা হয়। আদালতে হাতকড়া পরা অবস্থায় তাকে কাঁদতে দেখা যায়। বিচারক তার জামিন নগদ ২০ হাজার ডলার অথবা ৬০ হাজার ডলারের বন্ডে নির্ধারণ করেন। পরবর্তী শুনানি জানুয়ারিতে হওয়ার কথা।
সেলমার আইনজীবী শন বার্নস আদালতে বলেন, তার মক্কেলের আচরণ ইচ্ছাকৃত ছিল না। তার দাবি, মাল্টিপল স্ক্লেরোসিসে আক্রান্ত অভিনেত্রী স্নায়বিক উপসর্গ নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ ওষুধের কয়েকটি ডোজ বাদ দিয়েছিলেন। বিমানে মাথায় আঘাত পাওয়া ও অতিরিক্ত কাজের চাপের কারণে তিনি বিভ্রান্ত হয়ে পড়েছিলেন বলেও দাবি করেন আইনজীবী। বিমানটিতে ঠিক কী ঘটেছিল, তা তদন্ত করছে এফবিআই। বিমানের পাইলটের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের কথোপকথনে এক যাত্রীর মাথায় আঘাত পাওয়ার বিষয়টিও উঠে এসেছে।
প্রসঙ্গত, ২০১৬ সালে বিমানে অ্যালকোহলের সঙ্গে ওষুধ মিশিয়ে পান করার পর জ্ঞান হারানোর ঘটনা নিয়ে ক্ষমা চেয়েছিলেন সেলমা। ২০১৮ সালে তার মাল্টিপল স্ক্লেরোসিস শনাক্ত হয়। পরবর্তী সময়ে তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিয়েও কাজ করেছেন।
কে