দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষিণী তারকা থালাপতি বিজয়ের ছেলে জেসন সঞ্জয় অভিনয়ের পথে না হেঁটে বেছে নিয়েছেন নির্মাণকে। দীর্ঘদিনের অপেক্ষার পর এবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার পরিচালনায় প্রথম সিনেমা ‘সিগমা’। মুক্তির পর সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ প্রশংসা করছেন অ্যাকশন ও বিনোদনের, আবার কেউ সমালোচনা করছেন চিত্রনাট্য ও চরিত্রায়নের।
‘সিগমা’ একটি পর্বভিত্তিক অ্যাকশন-কমেডি ও হাইস্ট থ্রিলার সিনেমা। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সন্দীপ কিষান ও ফারিয়া আবদুল্লাহ।
মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে দর্শকদের নানা মন্তব্য দেখা যাচ্ছে। অনেকেই সিনেমাটিকে পুরোপুরি বিনোদননির্ভর এবং পয়সা উসুলের সিনেমা হিসেবে অভিহিত করছেন। এক দর্শকের মতে, পর্দায় সন্দীপ কিষানের উপস্থিতি, বিরতির অংশ এবং অ্যাকশন দৃশ্যগুলো দর্শকদের মুগ্ধ করেছে। তার মতে, জেসন সঞ্জয় সিনেমাটিকে অ্যাকশন ও বিনোদনে ভরিয়ে দিয়েছেন।
তবে প্রশংসার পাশাপাশি সমালোচনাও করছেন দর্শকদের একাংশ। তাদের দাবি, নির্মাতা হিসেবে জেসন আরও ভালো করতে পারতেন। এক দর্শক সিনেমাটির চিত্রনাট্য ও চরিত্রায়নকে আকর্ষণীয় নয় বলে মন্তব্য করেছেন। তার মতে, বিরতি ও কার্নিভালের দৃশ্য ছাড়া আলাদাভাবে বলার মতো তেমন কিছু নেই। নবাগত পরিচালক হিসেবে জেসনের লেখাকে গতানুগতিক ও সেকেলে বলেও মন্তব্য করেছেন ওই দর্শক।
এদিকে কমলা সিনেমাসে প্রথম দিনের প্রথম প্রদর্শনীতে জেসনকে সমর্থন জানাতে তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সেখানে দর্শকদের সঙ্গে সিনেমাটি দেখেন জেসনও।
লাইকা প্রোডাকশন্সের ব্যানারে সুবাস্করণ প্রযোজিত ‘সিগমা’ ইউ/এ ছাড়পত্র পেয়েছে। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন থমন এবং চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন কৃষ্ণন বসন্ত।
/অ