দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হয়ে কয়েক দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন একসময়কার জনপ্রিয় অভিনেতা বিজয় চৌধুরী। ‘হাঙর নদী গ্রেনেড’ সিনেমায় রইছ চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেওয়া এই অভিনেতা অবশেষে ফিরেছেন বাসায়। তবে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন তিনি। চিকিৎসকের পরামর্শে আপাতত বিশ্রামেই থাকতে হচ্ছে তাকে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল থেকে বিজয় চৌধুরীকে বাসায় নিয়ে যাওয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছেলে সাবিদ বিন আবু আজাদ চৌধুরী।
বাবার শারীরিক অবস্থার বিষয়ে সাবিদ বলেন, ‘আব্বুর শরীর এখন আগের চেয়ে কিছুটা ভালো। এখন একটু একটু কথা বলতে পারছে, নড়াচড়া করতে পারছে। তবে এখনো শঙ্কামুক্ত নন।’
হাসপাতালের পিসিসিইউ থেকে বিজয় চৌধুরীকে কেবিনে স্থানান্তরের পরিকল্পনা ছিল। কিন্তু কেবিন খালি না থাকায় চিকিৎসকেরা অন্য হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। তবে বিজয় চৌধুরী বাসায় ফেরার ইচ্ছা প্রকাশ করায় শেষ পর্যন্ত তাকে বাসায় নেওয়া হয়।
সাবিদ জানান, চিকিৎসকেরা বিজয় চৌধুরীকে পর্যাপ্ত ঘুম ও সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। দুই দিন পর আবার হাসপাতালে নিয়ে গিয়ে তার হৃদ্যন্ত্রের কার্যকারিতা পরীক্ষা করা হবে। ইকো করার পর পরবর্তী চিকিৎসা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন বিজয় চৌধুরী। সে সময় এক আত্মীয়ের দাওয়াতে সিংগাইরে ছিলেন তিনি। অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে ঢাকায় এনে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন এই অভিনেতা। পরে তাকে পিসিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়।
বর্তমানে ৫৪ বছর বয়সী এই অভিনেতা দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের বাইরে। তবে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছ চরিত্রের মাধ্যমে এখনো দর্শকের মনে জায়গা করে আছেন তিনি। হৃদ্রোগে আক্রান্ত হয়ে বাসায় ফেরার পর তার দ্রুত সুস্থতার অপেক্ষায় পরিবার ও ভক্তরা।
/অ