দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

একসময় নাটক, বিজ্ঞাপন ও বিভিন্ন টেলিভিশন আয়োজনে নিয়মিত দেখা যেত অভিনেতা হাসান মাসুদকে। অভিনয়ের নিজস্ব ধরন ও ব্যক্তিত্ব দিয়ে দর্শকের কাছে আলাদা জায়গা তৈরি করেছিলেন তিনি। পরবর্তী সময়ে অভিনয়ের পাশাপাশি লেখক ও পরিচালক হিসেবেও কাজ করেছেন। এবার পেশাগত জীবনে নতুন পথ বেছে নিয়েছেন এই অভিনেতা।
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক স্টুডেন্ট কনসালটেন্সি প্রতিষ্ঠান জেইন গ্লোবালে হেড অব স্টুডেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ব্র্যান্ড হিসেবে যোগ দিয়েছেন হাসান মাসুদ। গত ১ সেপ্টেম্বর থেকে নতুন দায়িত্বে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন তিনি।
জেইন গ্লোবালের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৪ বছর ধরে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। হাসান মাসুদের পেশাগত অভিজ্ঞতা ও যোগাযোগ দক্ষতাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আরও কার্যকর যোগাযোগ এবং সেবার মান উন্নয়নে কাজ করতে চায় প্রতিষ্ঠানটি।
মাস কয়েক আগে হাসান মাসুদের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে তার ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। দীর্ঘদিন ধরেই অভিনয়ের কাজেও তাকে নিয়মিত দেখা যাচ্ছিল না। পরে হজ পালন শেষে বিজ্ঞাপনে কাজ করেন তিনি। তবে তার একটি বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হলে পরে বিষয়টি স্পষ্ট করেন এই অভিনেতা।
এমন পরিস্থিতিতে নতুন চাকরিতে যোগ দেওয়ার খবর সামনে আসায় অভিনয় থেকে হাসান মাসুদের দূরে সরে যাওয়ার বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
২০০৩ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় হাসান মাসুদের। এরপর নাটকেও নিয়মিত মুখ হয়ে ওঠেন তিনি। তার অভিনীত জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে ‘হাউসফুল’, ‘এফডিসি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘বিহাইন্ড দ্য সিন’ ও ‘খুনসুটি’।
অভিনয়ের পাশাপাশি গানও করেছেন হাসান মাসুদ। ২০০৬ সালে প্রকাশিত হয় তার গানের অ্যালবাম।
এমএম/