দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অভিনয়কে শুধু পেশা নয়, মানুষের অনুভূতি ও না-বলা গল্প প্রকাশের মাধ্যম হিসেবে দেখেন অভিনেতা আশিক রহমান। সিনেমার প্রতি ভালোবাসা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয় তাঁর। সেই আগ্রহ থেকেই অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার স্বপ্ন দেখেন এবং শুরু করেন চলচ্চিত্র ও গণমাধ্যম বিষয়ে পড়াশোনা।
আশিকের অভিনয়জীবনের শুরু নাটক দিয়ে। তাঁর অভিনীত প্রথম নাটক ‘হৃদয়পুর থেকে বহুদূর’, যার পরিচালক মামুন। এরপর ধীরে ধীরে বিভিন্ন কাজে অভিনয়ের অভিজ্ঞতা অর্জন করছেন তিনি। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘হৃদয়পুর থেকে বহুদূর’, ‘সুতোয় বাঁধা জীবন’ ও ‘যদি আবার দেখা হয়’।
‘সুতোয় বাঁধা জীবন’ নাটকে সালাম চরিত্রে অভিনয় করেছেন আশিক। রাহাত কবির পরিচালিত নাটকটিতে সমাজের সাধারণ মানুষের জীবন ও বাস্তবতার সঙ্গে সম্পর্কিত একটি চরিত্রে দেখা গেছে তাঁকে।
সম্প্রতি যারযিস আহমেদের পরিচালনায় ‘যদি আবার দেখা হয়’ নাটকে ফয়সাল চরিত্রে অভিনয় করেছেন আশিক রহমান। রোমান্টিক থ্রিলার ঘরানার নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন যারযিস আহমেদ। ওয়েব স্ক্রিনের ব্যানারে নির্মিত নাটকটিতে ফয়সাল চরিত্রটি গল্পের রহস্যের সঙ্গে গুরুত্বপূর্ণভাবে যুক্ত।
নাটকের গল্পে শারমিনের সঙ্গে পালিয়ে যাওয়ার পর বাসস্ট্যান্ডে হঠাৎ নিখোঁজ হয়ে যায় ফয়সাল। পরে শারমিনকে ঘিরে ঘটে যাওয়া রহস্যময় ঘটনাগুলোর মধ্য দিয়ে আবারও সামনে আসে তার উপস্থিতি। চরিত্রটির রহস্যময় দিক আশিকের কাছে কাজটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
অভিনয় নিয়ে আশিকের স্বপ্ন অবশ্য বর্তমান কাজের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। তাঁর বিশ্বাস, মানুষ একসময় পৃথিবী থেকে চলে গেলেও তার প্রতি অন্যের ভালোবাসা, ভালো আচরণ ও রেখে যাওয়া অনুভূতি দীর্ঘদিন বেঁচে থাকে। একজন অভিনেতাও মানুষের গল্প তুলে ধরার মাধ্যমে দর্শকের অনুভূতির সঙ্গে যুক্ত হতে পারেন। অভিনয়ের মধ্য দিয়ে মানুষের মনে জায়গা করে নেওয়া এবং তাঁদের না-বলা কথাগুলো তুলে ধরাই তাঁর লক্ষ্য।
এমএম/