দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে। এ ইউনিটে প্রতিটি আসনের বিপরীতে লড়ছেন গড়ে প্রায় ৬০ জন পরীক্ষার্থী।
আজ বেলা ১১টা ১৫ মিনিটে ভর্তি পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২টা ১৫ মিনিটে শেষ হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব এস এম আকবর হোসাইন জানান, ‘ডি’ ইউনিটে সমাজবিজ্ঞান অনুষদের ৯টি বিভাগ, আইন অনুষদের আইন বিভাগ, শিক্ষা ও গবেষণা বিভাগ এবং জীববিজ্ঞান অনুষদের দুটি বিভাগ অন্তর্ভুক্ত রয়েছে। এ ইউনিটে মোট আসন রয়েছে ৮৪৯টি। এসব আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৫১ হাজার ৫০৫ জন শিক্ষার্থীর।
তিনি আরও জানান, পরীক্ষার্থীদের সুষ্ঠু ও নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করতে তিনটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২০ হাজার ৫৪২ জন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৩ হাজার ৩৬৬ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৭ হাজার ৫৯৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
পরীক্ষার্থীদের সকাল সাড়ে ১০টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। বেলা ১১টায় ওএমআর শিট বিতরণ করা হবে। ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে। এ ইউনিটে পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০।
একই দিনে চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশ মিলিটারি একাডেমির আয়োজনে ভাটিয়ারী ইন্টারন্যাশনাল ম্যারাথন অনুষ্ঠিত হচ্ছে। এ কারণে ভাটিয়ারী–হাটহাজারী লিংক রোড সাময়িকভাবে বন্ধ থাকবে। এতে বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এই পরিস্থিতিতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থী ও অভিভাবকদের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এমএস/