দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীসহ দেশের ৩২টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে সারাদেশে ৭২ ঘণ্টার জন্য তাপপ্রবাহ সতর্কবার্তা বা হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস।
অন্যদিকে পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ টানা ২৬ দিন ছুটি কাটিয়ে রোববার (২১ এপ্রিল) খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এই অবস্থায় ছুটি ৭ দিন বাড়ানোর দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম।
শুক্রবার (১৯ এপ্রিল) সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
সংগঠনটি বলছে, দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। মানুষজনকে প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করছে প্রশাসন। এর মধ্যে স্কুল কলেজ খুললে অনেক শিশু অসুস্থ হয়ে পড়তে পারে। তাই দেশের সব স্কুল-কলেজ-মাদ্রাসা আগামী ৭ দিনের জন্য শ্রেণি শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, আমরা সতর্ক আছি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আবহাওয়া অধিদপ্তারের সঙ্গে প্রতি ক্ষণে ক্ষণে আমাদের কথা হচ্ছে। অনেকটা কন্ট্রোল রুমের মতোই কাজ করছি আমরা। ঢাকা তো বটেই, ঢাকার বাইরে মাঠ পর্যায়ে যারা কাজ করছেন তারাও সবসময় আমাদেরকে পরিস্থিতি জানাচ্ছেন।
তবে সতর্কবার্তা জারি হওয়ার আগেই স্কুলগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে যে, স্কুল খুললেও কোনো ধরনের সমাবেশ যেন এখন না করা হয়। পাশাপাশি শিশুরা যেন টিফিন পিরিয়ডে মাঠে খেলতে না যায় সেদিকে নজরদারি করতেও শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান সময়ের আলোকে বলেন, স্কুল বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। রোববার (২১ এপ্রিল) থেকে প্রাথমিক বিদ্যালয়ে যথারীতি ক্লাস চলবে।
তবে অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু বলেন, কয়েক দিনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা দরকার। কারণ, শ্রেণিকক্ষে বিদ্যুৎ না থাকলে গরমে শিশুশিক্ষার্থীদের অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে।
প্রাথমিক ও মাদ্রাসায় ছুটির তালিকা অনুযায়ী মার্চ মাসের ১০ তারিখ থেকে এবং মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় এক মাসের ছুটি শুরুর কথা ছিল। তবে শিখন ঘাটতি পূরণে প্রাথমিকে ১০ দিন খোলা রাখার সিদ্ধান্ত জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি মাধ্যমিকে ১৫ দিন কমিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
পরে রমজানের মধ্যেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে উচ্চ আদালতে রিট হলে দফায় দফায় সিদ্ধান্ত আসতে থাকে। পরে আপিল বিভাগ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ছুটি সমন্বয় করে রোজায় ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার পক্ষে রায় দেন।
পাশাপাশি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ে ১০ দিন ছুটি কমানো হয়। দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোতে ২৫ মার্চ থেকে এবং মাদ্রাসায় ২২ মার্চ থেকে ছুটি শুরু হলেও সবমিলিয়ে শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান শুরু হবে ২১ এপ্রিল থেকে।
ডিপি/