দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকাসহ দেশের চার বিভাগে ৪৮ ঘণ্টার জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা বা হিট অ্যালার্ট জারির ২৪ ঘণ্টা না পেরোতেই তা প্রত্যাহার করে নিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গতকাল শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় দেওয়া সতর্কবার্তায় বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর অবস্থা থাকবে বলে জানানো হয়। তবে শনিবার (১৮ মে) সকাল থেকে সারা দেশের আবহাওয়ার পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তন আসে।
এদিন বিকেল ৩টা পর্যন্ত রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ৩০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল শনিবার ছিল ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তামাত্রা কমেছে সাত ডিগ্রি সেলসিয়াস।
এদিকে শনিবার সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মোংলাতে ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘে ঢাকা ছিল। কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে। এছাড়া তাপপ্রবাহের বিস্তৃতি কমে চার বিভাগ থেকে সাত জেলায় নেমেছে।
গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে শনিবার তা ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে।
এছাড়া রংপুর বিভাগের ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ ছিল। পুরো রংপুর বিভাগেই এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় ৭ ডিগ্রি সেলসিয়াস।
যদিও এই বিভাগের ওপর দিয়ে আগামীকাল রোববার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা ছিল। একই অবস্থা খুলনা ও রাজশাহী বিভাগে। এই দুই বিভাগেও তাপমাত্রা ২ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, আবহাওয়া অধিদপ্তর থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে, সেই অনুযায়ী রয়েছে সবকিছু। তবে তাপপ্রবাহ অনেকটা প্রশমিত হয়েছে কয়েকটি অঞ্চল থেকে। সে জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা উঠিয়ে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এখনও দেশের সাতটি অঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আছে। জেলাগুলো হচ্ছে বাগেরহাট, গোপালগঞ্জ, নোয়াখালী, কক্সবাজার, খুলনা, যশোর, ও সাতক্ষীরা। আগামীকাল এসব অঞ্চলেও তাপপ্রবাহ প্রশমিত হয়ে যাবে। আজ রাতে ও কাল ঢাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।
তাপপ্রবাহের সতর্কবার্তা তুলে নেওয়ার বিষয়ে একেএম নাজমুল হক বলেন, যেহেতু আজ তাপপ্রবাহের অঞ্চল অনেকটা কমে গেছে। আজ সাতটি মাত্র জায়গায় তাপপ্রবাহ আছে। আগামীকাল এটা একেবারে প্রশমিত হয়ে যেতে পারে। সেজন্য এটা উঠিয়ে নেওয়া হয়েছে।
৪৮ ঘণ্টার পূর্বাভাস ১২ ঘণ্টা না যেতেই অকার্যকর হয়ে যাওয়ার ঘটনা সাধারণত ঘটে না। তাছাড়া এক তাপপ্রবাহের সতর্কবার্তা সাধারণত পরের তাপপ্রবাহ না আসা পর্যন্ত ওয়েবসাইটে থাকে।
ডিপি/