দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় অধ্যাপক নিয়োগে নতুন নীতিমালা চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (১৮ ডিসেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান এ নীতিমালা প্রণয়নের সুপারিশে সই করেছেন।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সুপারিশ করা নীতিমালাটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, জাতীয় অধ্যাপক পদে নিয়োগের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ নীতিমালার অনুচ্ছেদ-৪ এর আলোকে মনোনয়ন কমিটির কাছে প্রতিটি পদের বিপরীতে তিনজন করে যোগ্য ব্যক্তির নাম প্রস্তাব করবে।
মনোনয়ন কমিটি প্রস্তাবিত ব্যক্তিদের মধ্য থেকে জাতীয় অধ্যাপক পদে নিয়োগের জন্য মনোনয়ন দেবেন। রাষ্ট্রপতির অনুমোদনের জন্য এ মনোনয়ন শিক্ষা মন্ত্রণালয় তার (রাষ্ট্রপতি) কাছে পেশ করবে। রাষ্ট্রপতির অনুমোদনের পর মন্ত্রণালয় নিয়োগের পরিপত্র জারি করবে।
সম্মানজনক এ পদে নিয়োগের জন্য ‘বাংলাদেশ জাতীয় অধ্যাপক নিয়োগ নীতিমালা, ২০২৩’ প্রণয়নের সুপারিশ করেছে মন্ত্রণালয়। এতে পাঁচ বছর মেয়াদে সর্বোচ্চ চারজনকে জাতীয় অধ্যাপক নিয়োগের বিধান রাখা হয়েছে। পাশাপাশি এ পদে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৭৫ বছর রাখার সুপারিশ করেছে মন্ত্রণালয়।
রাষ্ট্রপতির অনুমোদনক্রমে বর্তমানে ‘বাংলাদেশ জাতীয় অধ্যাপক নিয়োগ, শর্তাবলী ও সুবিধাদি সিদ্ধান্তমালা, ১৯৮১’ অনুযায়ী জাতীয় অধ্যাপক নিয়োগের কাজ করে থাকে শিক্ষা মন্ত্রণালয়।
নতুন এ নীতিমালা মন্ত্রিসভায় অনুমোদন হলে আগের সিদ্ধান্তমালাটি (১৯৮১) রহিত হবে এবং এ নীতিমালার আলোকে জাতীয় অধ্যাপক নিয়োগ দেওয়া হবে।
ডিপি/