দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের সরকারি ও বেসরকারি কলেজের জন্য ২০২৪ সালের ছুটির তালিকা অনুমোদন করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রতিষ্ঠান প্রধানের তিন দিনের সংরক্ষিত ছুটিসহ বিভিন্ন দিবস উপলক্ষে মোট ৭১ দিন বন্ধ থাকবে এসব প্রতিষ্ঠান।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ছুটির তালিকা অনুমোদন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে একাদশ শ্রেণির একাডেমিক কার্যক্রমের বিষয়ে বলা হয়েছে, ৯ জুন ভর্তি শুরু হয়ে ক্লাস শুরু হবে ২১ জুলাই। একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা ২৬ জুন এবং দ্বাদশ শ্রেণীর নির্বাচনি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে প্রতিষ্ঠান ছুটি দেওয়া যাবে না এবং সংবর্ধনা/পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না। সংবর্ধিত/পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানোও যাবে না।
জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবস ২১শে ফেব্রুয়ারি, ১৭ই মার্চ, ২৬শে মার্চ, ১৫ই আগস্ট ও ১৬ই ডিসেম্বর ক্লাস বন্ধ থাকবে। তবে সংশ্লিষ্ট দিবসের বিষয়ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে দিবসটি উদযাপন করতে হবে বলেও এতে উল্লেখ করা হয়।
ছুটির তালিকা অনুযায়ী, পবিত্র রমজান, ঈদুল ফিতর, গ্রীষ্মকালীন অবকাশ, জাতীয় শিশু দিবস, স্বাধীনতা দিবস, ইস্টার সানডেসহ বেশ কয়েকটি সরকারি ছুটির সমন্বয়ে টানা ৩০ দিন শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি থাকবে। এ ছুটি শুরু হবে ১০ মার্চ থেকে। চলবে ১৮ এপ্রিল পর্যন্ত।
অন্যদিকে ঈদুল আজহা উপলক্ষে সাত দিন এবং দুর্গাপূজা ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে সাত দিনের ছুটি থাকবে। তাছাড়া বছরের শেষে ১৭ ডিসেম্বর থেকে শীতকালীন ও বড়দিন উপলক্ষে ১১ দিনের ছুটি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
ডিপি/এইউ