দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার সহপাঠীরা জানায়, প্রেমিকের সঙ্গে ঝগড়া করে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম কাজী সামিতা আশকা। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৪র্থ বর্ষের (৪৮ ব্যাচ) শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরার সদর উপজেলায়।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. অর্ণব জানান, রাত সাড়ে ৯টায় হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। ইসিজি রিপোর্ট দেখে বুঝেছি, অন্তত আধা ঘণ্টা আগেই তার মৃত্যু হয়। এটা যেহেতু অস্বাভাবিক মৃত্যু, তাই পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর আমরা মরদেহ পরিবারকে বুঝিয়ে দেব।
সহপাঠীরা জানান, খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শাহরিয়ার জামান তুর্য নামে এক শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকায় ৫০তম ব্যাচের জুনিয়রদের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন তিনি। আত্মহত্যার বিষয়টি তুর্যই মুঠোফোনে তার সহপাঠীদের জানান। তখন তারা বাসায় গিয়ে দরজা ভেঙে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
নিহতের রুমমেট মাইশা নুসরাত জানান, ঘটনার সময় আমরা কেউ বাসায় ছিলাম না। সন্ধ্যার আগে বাসা থেকে বের হওয়ার সময় তাকে তুর্যের সঙ্গে ভিডিও কলে ঝগড়া করতে দেখি। পরে রাত সাড়ে ৮টার দিকে তার বান্ধবী সামিহাকে ফোন করে দ্রুত বাসায় যেতে বলেন তুর্য। তখন তারা বাসায় গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
এ বিষয়ে শাহরিয়ার জামান তুর্য বলেন, আমি ও সে ভিডিও কলে কথা বলছিলাম। ছোট বিষয় নিয়ে ঝগড়া হয়। এটা নিয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। তখন ফোন কেটে যায়। পরে আমি তার রুমমেট ও বন্ধুদের বিষয়টি জানাই।
সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবির বলেন, প্রাথমিকভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। প্রেমিকের সঙ্গে ঝগড়ার জেরে আত্মহত্যা করতে পারেন বলে জেনেছি। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরিবারকে মরদেহ বুঝিয়ে দিতে পারব।
আরএ