দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরের চৌগাছায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীসহ পাঁচ ভুয়া পরীক্ষার্থী গ্রেপ্তার হয়েছে। পাঁচ যুবক টাকার বিনিময়ে অন্যদের হয়ে পরীক্ষা দিচ্ছিলেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।
তারা যেসব পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিচ্ছিলেন তাদেরকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে এইচএসসি প্রোগ্রামের ২য় বর্ষের ইংরেজী দ্বিতীয়পত্রের পরীক্ষার সময় বেলা ৩টার দিকে চৌগাছা সরকারি কলেজ ও চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। বিকেল ৫টায় পরীক্ষা শেষে তাদের বিরুদ্ধে মামলা করে চৌগাছা থানায় সোপর্দ করা হয়েছে।
জানা যায়, উন্মুক্ত পরীক্ষা কেন্দ্রে শুক্রবার বিকেলে চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজ কেন্দ্রে এইচএসসি ২য় বর্ষের পরীক্ষা চলাকালে সন্দেহ হলে পরীক্ষায় ম্যাজিস্ট্রেসি ডিউটিরত চৌগাছার সহকারী কমিশনার (ভূমি) চ্যালেঞ্জ করেন। এসময় অনলাইনে যাচাই করে দেখা যায় চৌগাছা সরকারি কলেজর পরীক্ষার্থী ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রায়চন্ডি গ্রামের গাজী মো. এমদাদুল হকের পরিবর্তে চৌগাছা উপজেলার আন্দারকোটা গ্রামের আল আমিন হোসেন, যশোর সদর উপজেলার তীরেরহাট গ্রামের মেহেদী হাসানের পরিবর্তে একই গ্রামের হাসান ইমাম ও খুলনার ফুলতলা উপজেলার গিলাতলা গ্রামের শাহিনুর ইসলামের পরিবর্তে যশোর সদর উপজেলার আপন মোড়ের মো. আরিফ পরীক্ষা দিচ্ছেন। এদিকে একই সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার নির্দেশে চৌগাছা সরকারি কলেজ কেন্দ্রে উপজেলার আরাজী সুলতানপুর-বকসীপুর-চাকলা-দেবীপুর (এবিসিডি) কলেজের পরীক্ষার্থী রাজশাহীর বোয়ালিয়া থানার শিরাইন কলোনির মো. শাহিন বাপ্পির পরিবর্তে যবিপ্রবি’র শিক্ষার্থী চৌগাছার আন্দারকোটা গ্রামের মো. সজিব এবং ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দাদপুর গ্রামের মেহেদী আল মামুনের পরিবর্তে তার আপন ভাই মো. ইমরান পরীক্ষা দেওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে। পরীক্ষা শেষে তাদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইন ১৯৮০ এর ৩ ধারায় চৌগাছা থানায় মামলা করা হয়।
এ বিষয়ে চৌগাছার সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস বলেন, ভুয়া পরীক্ষার্থীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, ভুয়া পরীক্ষার্থীদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইন ১৯৮০এর ৩ ধারায় চৌগাছা থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, কেন্দ্র সচিবদের করা মামলায় ওই পাঁচ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের শনিবার (২ সেপ্টেম্বর) যশোর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এইউ