দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সরকার ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। বাজারে আতপ চালের চাহিদা বেড়ে যাওয়ায় প্রয়োজন অনুযায়ী আরও আতপ চাল আনার উদ্যোগ নেওয়া হবে।
মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, বিশ্ববাজারে চালের দাম বাড়তির দিকে রয়েছে। চীন বিপুল পরিমাণ চাল কিনছে, মূলত ভিয়েতনাম থেকে, যার প্রভাব পড়ছে বাজারে। তবে এবার ভারত থেকে আমদানি করা চালের দাম গতবারের তুলনায় কিছুটা কম হয়েছে, যা স্বস্তির বিষয় বলে জানান তিনি।
তিনি বলেন, মরক্কো থেকে ৯০ হাজার মেট্রিক টন টিএসপি সার আনা হচ্ছে এবং আরও ৪০ হাজার মেট্রিক টন সার আসবে। সারের দামও তুলনামূলকভাবে সহনীয় রয়েছে।
সভায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণে ১০৫ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। একই সঙ্গে স্থানীয় সরকারের চারটি সড়ক প্রকল্প এবং ময়মনসিংহে ১৯টি বিদ্যুৎ সাবস্টেশন বিতরণ প্রকল্প অনুমোদন পেয়েছে।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, রমজানকে সামনে রেখে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে রাইস ব্র্যান অয়েল আমদানিও বাড়ানো হবে।
তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ দূতাবাসের জন্য একটি ভবন নির্মাণ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শুরু না হলে অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ অনুমতি বাতিল করতে পারে বলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
এমএস/