দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯-এ একগুচ্ছ সংশোধনী এনে তৈরি পোশাক, টেক্সটাইল ও শিল্প খাতের জন্য কয়েকটি শর্ত শিথিল করেছে সরকার। বিশেষ করে কৃত্রিম তন্তু দিয়ে তৈরি উচ্চমূল্যের ও বিশেষ ধরনের পোশাক উৎপাদনে ব্যবহৃত কাপড় আমদানির সুযোগ বাড়ানো হয়েছে। একই সঙ্গে শিল্প স্থাপনের জন্য মূলধনি যন্ত্রপাতি আমদানির নিয়মও সহজ করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য-১ অধিশাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। Imports and Exports (Control) Act, 1950 এবং আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯-এর ক্ষমতাবলে এসব সংশোধনী আনা হয়েছে। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে।
নতুন সংশোধনী অনুযায়ী, সেলাইবিহীন স্পোর্টসওয়্যার, উচ্চমূল্যের ফ্যাশন পণ্য ও ফাংশনাল পোশাক তৈরিতে ব্যবহৃত বিশেষ ধরনের কৃত্রিম তন্তুর কাপড় আকৃতি ও আকার নির্বিশেষে আমদানি করা যাবে। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট পোশাক খাতের সংগঠন বিজিএমইএ বা বিকেএমইএর সুপারিশ প্রয়োজন হবে।
এ ছাড়া ব্যাক-টু-ব্যাক এলসি বা চুক্তিপত্রের বিপরীতে ইউটিলাইজেশন ডিক্লারেশন (ইউডি) বা ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) অনুযায়ী বিশেষায়িত টেক্সটাইল ও হোসিয়ারি পণ্য রপ্তানির জন্য কাঁচামাল ও মোড়কসামগ্রী আমদানির বিষয়টি স্পষ্ট করা হয়েছে। নির্ধারিত পরিমাণে নিষিদ্ধ বা শর্তযুক্ত তালিকায় থাকা পণ্যও আমদানি করা যাবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অপ্রত্যাহারযোগ্য ঋণপত্র বা চুক্তিপত্রের পাশাপাশি এখন থেকে নির্দিষ্ট ক্ষেত্রে টেলিগ্রাফিক ট্রান্সফার বা টিটির মাধ্যমেও আমদানি করা যাবে।
বন্ড লাইসেন্সধারী শিল্প প্রতিষ্ঠানের জন্য লবণ আমদানির নিয়মও সহজ করা হয়েছে। এখন থেকে কাস্টমস কর্তৃপক্ষ অনুমোদিত বার্ষিক চাহিদা ও প্রকৃত ব্যবহারের ভিত্তিতে আমদানির পরিমাণ নির্ধারণ করবে। এ ক্ষেত্রে পোষক প্রতিষ্ঠানের সুপারিশ প্রয়োজন হবে না।
শিল্প খাতে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। অনুমোদিত শিল্প প্রতিষ্ঠানগুলো আমদানি নিবন্ধন সনদ বা আইআরসি ছাড়াই শিল্প স্থাপনের জন্য মূলধনি যন্ত্রপাতি আমদানি করতে পারবে। উৎপাদন সচল রাখতে প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ আমদানির সুযোগও রাখা হয়েছে।
এ ছাড়া বেসরকারি আমদানিকারকদের ক্ষেত্রে সাধারণ বীমা করপোরেশন, বাংলাদেশি বীমা কোম্পানি অথবা প্রযোজ্য ক্ষেত্রে বিদেশি বীমা কোম্পানির ইস্যু করা কভার নোট ও বীমা পলিসি পণ্য খালাসের সময় অনলাইনে কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রপ্তানিমুখী শিল্পের চাহিদা, উচ্চমূল্যের পোশাক উৎপাদন বৃদ্ধি এবং আমদানি প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে এসব সংশোধনী আনা হয়েছে। বিশেষ করে ম্যান-মেইড ফাইবারভিত্তিক পোশাকের বৈশ্বিক বাজারে বাংলাদেশের অংশ বাড়াতে নতুন সুবিধাগুলো সহায়ক হবে বলে মনে করছেন তারা।
এমএম/