দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেছেন, জঙ্গল সলিমপুর বর্তমানে সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিণত হয়েছে এবং খুব শিগগিরই আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সেখানে অবৈধভাবে বসবাসকারী ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের নির্মূল করা হবে।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের পতেঙ্গায় র্যাব-৭-এর প্রধান কার্যালয়ে হামলায় নিহত র্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে দুপুর আড়াইটার দিকে মোতালেব হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়।
র্যাব মহাপরিচালক বলেন, সুবেদার মোতালেব শহীদ হয়েছেন। যারা এই ঘটনার জন্য দায়ী, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। তিনি জানান, এ ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিচারের রায় কার্যকর না হওয়া পর্যন্ত পুরো বিষয়টি র্যাব নিবিড়ভাবে মনিটর করবে।
তিনি আরও বলেন, শহীদ মোতালেবের পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে। তার স্ত্রী স্বামী হারিয়েছেন, সন্তানরা পিতা হারিয়েছে। এই ক্ষতি কখনো পূরণ করা সম্ভব নয়। তবে র্যাব তার পরিবারের দায়িত্ব গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবে।
উল্লেখ্য, সোমবার জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন নিহত হন। একই ঘটনায় র্যাবের আরও তিন সদস্য এবং মনা নামে একজন সোর্স গুরুতর আহত হন। নিহত মোতালেব বিজিবির নায়েব সুবেদার ছিলেন এবং প্রেষণে র্যাবে কর্মরত ছিলেন।
পুলিশ, র্যাব ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে ইয়াসিনের নেতৃত্বে জঙ্গল সলিমপুর এলাকায় একটি বিএনপি কার্যালয় উদ্বোধনের কথা ছিল। এ উপলক্ষ্যে সেখানে বিপুলসংখ্যক লোকজন জড়ো হয়। এ সময় রুকন গ্রুপের অনুসারী ও র্যাবের সোর্স মনা র্যাবকে জানান, ওই অনুষ্ঠানে ইয়াসিন উপস্থিত থাকতে পারেন। এই তথ্যের ভিত্তিতে পতেঙ্গা কোম্পানির একটি দল সেখানে অভিযান পরিচালনায় যায়।
বিকেল পৌনে ৪টার দিকে অভিযানে যাওয়া র্যাব সদস্যদের ওপর ইয়াসিন গ্রুপের অনুসারীরা হামলা চালায়। একপর্যায়ে র্যাবের চার সদস্য ও সোর্স মনাকে আটকে রেখে তাদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়া হয় এবং মারধর করা হয়। খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে স্থানীয় একটি পক্ষের সহায়তায় গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোতালেব হোসেনকে মৃত ঘোষণা করেন।
এমএস/