দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীর শিবপুরে সাইফুল ইসলাম (৫০) নামে এক গরু ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাইফুল ইসলাম উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের সানখোলা গ্রামের হেলিম মিয়ার ছেলে। তিনি একজন গরু ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যার দিকে সাইফুল বাজারে যায়। রাত ৯টায় একটি চায়ের দোকানে চা খাওয়ার সময় সে ফোন পেয়ে বের হয়ে যায়। এরপর সে রাতে আর বাড়ি ফিরে আসেনি। তার স্ত্রী বার বার মোবাইলে ফোন দিয়ে বন্ধ পায়। পরে তার পরিচিত বিভিন্ন জনের বাড়িতে গিয়ে খোঁজ করেও সাইফুলের সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে স্থানীয় কৃষকরা পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে একটি গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে। মাঠের একপাশে দেহ ও তার ১০০ গজ দূরে মাথা পড়েছিল। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। পরে স্বজনরা এসে মরদেহটি সাইফুলের বলে শনাক্ত করে।
এদিকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশসহ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি মরদেহের মাথা একপাশে ও দেহ কিছুটা দূরে আরেক পাশে পড়ে আছে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যবসাজনিত লেনদেন নিয়ে পূর্বশত্রুতার কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। আমরা তদন্ত করছি আর এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এইউ