দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছাত্রীকে যৌন হয়রানির দায়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার শিক্ষক আবু সুফিয়ানকে বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ। বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কেকা রায় চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার রাত ৯টার দিকে ভিকারুননিসা নূন স্কুলের গভর্নিং বডির জরুরি সভায় ওই শিক্ষককে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) থেকে তার বহিষ্কারাদেশ কার্যকর হবে।
তবে অভিযুক্ত শিক্ষক আবু সুফিয়ানের দাবি তিনি যড়যন্ত্রের শিকার। তিনি বলেন, আমাকে সরাতে শিক্ষকদের একটি গ্রুপ ষড়যন্ত্র করছে। আমি ষড়যন্ত্রের শিকার।
গত ২৩ আগস্ট যৌন হয়রানির অভিযোগে নবম শ্রেণির ওই শিক্ষার্থীর বাবা ঢাকার বিভাগীয় কমিশনার ও গভর্নিং বডির সভাপতি মো. সাবিরুল ইসলামকে লিখিত অভিযোগ দেন। এর প্রেক্ষিতে গত ৩১ আগস্ট সহকারী কমিশনার (শিক্ষা ও আইসিটি) আল আমিন হালদারকে অভিযোগটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
২ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা সহকারী কমিশনার আল আমিন হালদার তদন্তের শুনানিতে বসুন্ধরা শাখায় যান। ওই দিন ১০ জন শিক্ষক, ওই ছাত্রী বাবা-মা এবং দিবা শাখার ইনচার্জকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর দ্বিতীয় দফায় বুধবার বিকেলেও শুনানি জিজ্ঞাসাবাদ করা হয়।
এর আগে ৪ সেপ্টেম্বর আবু সুফিয়ানের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন বসুন্ধরা শাখার শিক্ষকেরা। তারা আবু সুফিয়ানের সঙ্গে কাজ করবেন না মর্মে স্বাক্ষর সংগ্রহ করে অধ্যক্ষের কাছে আবেদনপত্র পাঠান। এরপর অভিযুক্ত শিক্ষক আবু সুফিয়ানকে বেইলি রোডের মূল শাখায় অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করা হয়।
আরএ