দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধায় যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে এক প্রতিবন্ধী চালককে জুসের সঙ্গে অচেতন করার উপাদান খাইয়ে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
ঘটনার শিকার মানিক মিয়া (৪০) গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ঝিনেশ্বর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। অটোরিকশাটি হারিয়ে বর্তমানে পরিবার নিয়ে আর্থিক সংকটে পড়েছেন তিনি।
মানিকের অভিযোগ, গত ২৬ আগস্ট সকালে অটোরিকশা নিয়ে বের হন তিনি। সকাল ৯টার দিকে গাইবান্ধা শহরের দাস বেকারির মোড়ে এক ব্যক্তি ধর্মপুর জুটমিলে যাওয়া-আসার কথা বলে ৪০০ টাকায় তার অটোরিকশা ভাড়া করেন।
পরে বিভিন্ন স্থানে ঘোরার পর ওই ব্যক্তি তাকে সুন্দরগঞ্জ পূর্বপার্কের সামনে নিয়ে যান। সেখানে তৃষ্ণা লাগার কথা বলে একটি জুস আনতে বলেন। জুস নিয়ে আসার পর ওই ব্যক্তি নিজে কিছুটা পান করে মানিককেও তা পান করতে দেন।
মানিকের ভাষ্য, জুস পান করার কিছুক্ষণের মধ্যেই তিনি চেতনা হারিয়ে মাটিতে পড়ে যান। পরে তার কাছে থাকা বাটন মোবাইল ফোন, নগদ ৪০০ টাকা এবং ব্যাটারিসহ প্রায় ৮০ হাজার টাকা মূল্যের অটোরিকশাটি নিয়ে যায় দুর্বৃত্তরা।
স্থানীয়রা রাস্তার পাশে অচেতন অবস্থায় মানিককে পড়ে থাকতে দেখে তার ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ওই পোস্ট দেখে রাত ১১টার দিকে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
সুস্থ হওয়ার পর মানিক পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে ২৭ আগস্ট গাইবান্ধা সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। পরে পুলিশ সুপারের নির্দেশে ৩ সেপ্টেম্বর আরও একটি অভিযোগ দেওয়া হয়। এরপর সদর থানার পরামর্শে গত ৫ সেপ্টেম্বর সুন্দরগঞ্জ থানায় অভিযোগ জমা দেন তিনি।
মানিক বলেন, প্রতিবন্ধী হওয়ায় নিয়মিত কাজ করার সুযোগ নেই। পৈতৃক সূত্রে পাওয়া দেড় শতাংশ জমিতে একটি ঘর তুলে সেখানেই অটোরিকশাটি রাখতেন। সেটিই ছিল তার পরিবারের আয়ের প্রধান অবলম্বন।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত এবং ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধারের জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেওয়া হয়েছে।
যে আই