দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে ‘এবার গ্রীন’ নামের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশের খাদে পড়ে উল্টে গেছে। এ ঘটনায় অন্তত আটজন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের কুড়েরপার এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার বাস টার্মিনাল থেকে ২৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় ‘এবার গ্রীন’ বাসটি। পথে চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে চান্দিনার কুড়েরপার এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটির ব্রেক অকার্যকর হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশের একটি খাদে পড়ে উল্টে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে আহত যাত্রীদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
বাসটির যাত্রী আব্দুর রহমান বলেন, কক্সবাজার থেকে বাস ছাড়ার পর চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় থাকতেই গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে চান্দিনায় পৌঁছালে আবার বাসটির ব্রেক অকার্যকর হয়ে পড়ে। এতে চালক গাড়িটির নিয়ন্ত্রণ রাখতে পারেননি।
বাসটির সুপারভাইজার মাশরাফি জানান, সাতকানিয়া এলাকায় বাসটির একটি চাকা পাংচার হয়েছিল। সেখানে চাকা পরিবর্তনের পর আবার যাত্রা শুরু করা হয়। পরে কুড়েরপার এলাকায় এসে হঠাৎ ব্রেক ফেল করলে বাসটি খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে ২৫ জন যাত্রী ছিলেন।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক মো. ফারুক হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর হাইওয়ে পুলিশ ও চান্দিনা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এমএস/