দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরে এক প্রবাসীর স্ত্রীকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে সদর উপজেলার কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আইভী আক্তার (১৮) একই এলাকার আসলাম শরীফের মেয়ে। তিনি শরীয়তপুর শহরের কাতারপ্রবাসী মো. ফেরদৌসের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক অসচ্ছলতার কারণে ছোটবেলা থেকেই চাচা কালাম শরীফের বাড়িতে থাকতেন আইভী। প্রায় এক বছর আগে পরিবারের অসম্মতিতে শরীয়তপুর শহরের বাসিন্দা কাতারপ্রবাসী মো. ফেরদৌসের সঙ্গে তাঁর বিয়ে হয়। সম্প্রতি ফেরদৌস কাতারে চলে যাওয়ার পর স্বামীর বাড়ি থেকে চাচার বাড়িতে বেড়াতে আসেন আইভী।
মঙ্গলবার সন্ধ্যায় আইভীর চাচা কালাম শরীফ নামাজ পড়তে বাইরে যান। একই সময়ে তাঁর স্ত্রী চিকিৎসকের কাছে যাওয়ার জন্য মাদারীপুর শহরে যান। বাড়িতে আইভী একা থাকার সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাঁকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ সময় তাঁর ঘরে থাকা একটি আইফোনও নিয়ে যায় হামলাকারীরা।
রাত ৮টার দিকে কালাম শরীফ বাড়িতে ফিরে ঘরের মেঝেতে আইভীর রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠায়।
নিহতের চাচা কালাম শরীফ বলেন, তাঁর স্ত্রী চিকিৎসকের কাছে ছিলেন। তিনি নামাজ পড়তে যাওয়ার আগে ঘরের প্রধান ফটক বাইরে থেকে তালাবদ্ধ করে যান। বাড়িতে ফিরে তিনি ঘরের গেট ভেতর থেকে তালাবদ্ধ দেখতে পান। পরে কোনো সাড়া-শব্দ না পেয়ে ঘরে গিয়ে মেঝেতে ভাতিজির রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। কারা আইভীকে হত্যা করেছে, তা তিনি জানেন না। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।
পুলিশ বলছে, দুর্বৃত্তরা সুযোগ বুঝে ঘরে ঢুকে আইভীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রাথমিকভাবে চুরি কিংবা পরকীয়ার জেরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে হত্যার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নিহত আইভীর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে হত্যার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত করছে। চুরি বা পরকীয়াসহ অন্য কোনো বিষয় রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে দ্রুত দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এমএস/