দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরে নকল ঘি ও প্রসাধনী পণ্য মজুত ও বিক্রির দায়ে নিপু চন্দ্র দাস নামে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। অভিযানে বিপুল পরিমাণ নকল ঘি ও বিভিন্ন ধরনের প্রসাধনী পণ্য জব্দ করে পরে ধ্বংস করা হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের উত্তর মজুপুর এলাকার আবুল কালাম মঞ্জিলের একটি গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ যৌথভাবে অভিযান চালায়।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, গোডাউনটিতে বিভিন্ন দোকানে সরবরাহের জন্য নকল ঘি ও প্রসাধনী পণ্য মজুত করা হয়েছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পণ্যের সন্ধান পাওয়ার পর সেগুলো জব্দ করা হয়। পরে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় জব্দ করা নকল পণ্যগুলো ধ্বংস করা হয়।
অর্থদণ্ডপ্রাপ্ত নিপু চন্দ্র দাস সদর উপজেলার রসুলগঞ্জ এলাকার ইন্দোজিত চন্দ্র দাসের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লক্ষ্মীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সঞ্চয় ঘোষ। তিনি বলেন, নিপু চন্দ্র দাস তাঁর প্রতিষ্ঠান থেকে বিভিন্ন দোকানে নকল ঘি সরবরাহ করছিলেন। অভিযানে নকল ঘি ও প্রসাধনী পণ্য জব্দ করা হয়েছে। তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী এবং লক্ষ্মীপুর পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ আব্দুল্লাহ হিল হাকিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, নকল ঘি ও প্রসাধনী পণ্য শুধু ভোক্তার আর্থিক ক্ষতিই করে না, বৈধ ব্যবসায়ী ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বাজারও ক্ষতিগ্রস্ত করে। বিশেষ করে নকল পণ্য কম দামে বাজারজাত হলে মানসম্মত পণ্য বিক্রিকারী ব্যবসায়ীরা অসম প্রতিযোগিতার মুখে পড়েন। তাই পাইকারি ও খুচরা পর্যায়ে পণ্যের উৎস, লেবেল, উৎপাদনকারী প্রতিষ্ঠান, মেয়াদ ও অনুমোদন যাচাই করে ব্যবসা করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
এমএস/