দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে চাইলে তাঁকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিয়ে যাওয়ার জন্য জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরাই যথেষ্ট।
সরকারের ফ্যামিলি কার্ড প্রকল্পের সমালোচনা করে তিনি বলেন, শুধু কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা রাষ্ট্রীয় অর্থের অপচয়। বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা থাকা সত্ত্বেও জনগণের অর্থ ব্যয় করে এ ধরনের প্রকল্প নেওয়া উচিত নয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ঝালকাঠি শহরের একটি পার্টি সেন্টারে জেলা এনসিপি আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালার শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সারজিস আলম।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে সারজিস আলম বলেন, তাঁকে ঠেকাতে আলাদা করে কাউকে কিছু করতে হবে না। জুলাই আন্দোলনে স্বজন হারানো এবং আহতদের পরিবার এখনো সেই ক্ষত বয়ে বেড়াচ্ছে। তাঁদের পরিবারের সদস্যরাই শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট বলে মন্তব্য করেন তিনি।
এ সময় শেখ হাসিনার উদ্দেশে কঠোর ভাষায় সারজিস বলেন, তাঁর মৃত্যু থেকে দাফন—কোনোটিই বাংলাদেশের মাটিতে হবে না।
ফ্যামিলি কার্ড প্রকল্প নিয়ে সারজিস আলম বলেন, শুধু কার্ড তৈরির জন্যই ২৪২ কোটি টাকা খরচ করার কথা বলা হয়েছিল। তাঁর দাবি, পরে সরকার বুঝতে পেরেছে প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব নয়। এই অর্থ কোথা থেকে আসবে, সেটিও বড় প্রশ্ন বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, জনগণের কল্যাণের কথা বলে বিভিন্ন প্রকল্প নেওয়া হলেও অনেক ক্ষেত্রেই সেগুলোর বাস্তবায়ন নিয়ে প্রশ্ন রয়েছে। জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দিতে হবে। নির্বাচনের আগে মানুষকে লোভনীয় অফার দিয়ে প্রলুব্ধ করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপি সরকারের সমালোচনা করে সারজিস আলম বলেন, বিএনপি সরকারের ছয় মাস অতিবাহিত হয়েছে। এখন তারা বলছে, তারা শিশু। তাহলে তারা কবে তরুণ বা যুবক হবে? বিএনপি সরকারে আসার পর অনেক সংকট তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও এতটা সংকট দেখা যায়নি এবং সরকার পরিচালনার জন্য বিএনপির কোনো প্রস্তুতি বা বিকল্প পরিকল্পনা ছিল না।
এনসিপির কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, তাঁরা ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ শুরু করেছেন। বিএনপি এটিকে লংড্রাইভ বলছে। অথচ বেগম খালেদা জিয়াও এভাবে লংমার্চ করেছিলেন বলে মন্তব্য করেন তিনি।
পরে ঝালকাঠি জেলা এনসিপি আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় দলটির সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং স্থানীয় পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু, সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন, মহিউদ্দিন রনি, ঝালকাঠি জেলা এনসিপির সদস্যসচিব জুবায়ের হাওলাদারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।
এমএস/