দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পদ্মা নদীর তীব্র স্রোতের মুখে পড়ে যান্ত্রিক ত্রুটির কারণে দিক হারিয়ে কয়েক কিলোমিটার ভাটিতে ভেসে গেছে ‘বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান’ নামের একটি রো রো ফেরি। পরে ফেরিটি নিরাপদ স্থানে নোঙর করতে সক্ষম হন চালক। বর্তমানে ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনগুলো উদ্ধারে তৎপরতা চলছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের দৌলতদিয়া কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ঘাট সূত্রে জানা যায়, সকাল পৌনে ১০টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে দৌলতদিয়ার উদ্দেশে রওনা দেয় রো রো ফেরি ‘বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান’। নদীর মাঝামাঝি পৌঁছালে ফেরিটি পদ্মার তীব্র স্রোতের মুখে পড়ে। এ সময় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ইঞ্জিন স্রোতের বিপরীতে ফেরিটিকে সচল রাখতে পারেনি। এতে ফেরিটি স্রোতের টানে ভাটির দিকে ভেসে যেতে থাকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বড় ধরনের বিপদ এড়াতে চালক ৭ নম্বর ফেরিঘাটের কয়েক কিলোমিটার ভাটিতে ফেরিটি নোঙর করতে সক্ষম হন। এতে ফেরিতে থাকা যাত্রী ও চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বর্তমানে ফেরিটি ৭ নম্বর ঘাটের নিচের অংশে নোঙর করা অবস্থায় রয়েছে। ফেরিটিতে আটটি যাত্রীবাহী বাস, চারটি পণ্যবাহী ট্রাক, তিনটি ব্যক্তিগত গাড়ি ও শতাধিক সাধারণ যাত্রী রয়েছেন।
বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, তীব্র স্রোতের কারণে মাঝেমধ্যে এ ধরনের পরিস্থিতি তৈরি হয়। ফেরিটিকে নিরাপদে ঘাটে ফিরিয়ে আনতে ইতোমধ্যে একটি উদ্ধারকারী আইটি জাহাজ পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ফেরিটি উদ্ধার করে যাত্রীদের নিরাপদে ঘাটে নেওয়ার চেষ্টা চলছে।
বর্ষা মৌসুমে পদ্মায় পানির প্রবাহ বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল প্রায়ই ব্যাহত হয়। স্থানীয় যাত্রী ও চালকদের অভিযোগ, পুরোনো ফেরিগুলোর যান্ত্রিক সক্ষমতা কম থাকায় এবং নাব্য সংকট ও ডুবোচরের কারণে এ নৌপথে চলাচলে বাড়তি সময় লাগে। তাঁদের দাবি, দুর্ঘটনা এড়াতে এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে নৌপথটিতে আধুনিক ও উচ্চক্ষমতাসম্পন্ন ফেরি যুক্ত করা প্রয়োজন।
এমএস/