দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুর সদর হাসপাতালের ২৫০ শয্যার নির্মাণাধীন নতুন ভবনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সদর হাসপাতাল প্রাঙ্গণে নির্মাণাধীন আটতলা ভবন পরিদর্শন করেন তিনি। এ সময় ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছে জানতে চান। পরে কাজের গতি বাড়িয়ে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ দেন মন্ত্রী।
পরিদর্শনকালে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্মাণকাজ শেষ করে ভবনটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
এ সময় গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শফিকুর রহমান ও লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. মো. বাহারুল আলম উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময় হাসপাতালের ভবিষ্যৎ সক্ষমতা নিয়েও আলোচনা হয়। মন্ত্রী নির্মাণাধীন ভবনের নবম ও দশম তলা নির্মাণের জন্য নতুন প্রকল্প গ্রহণে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সিভিল সার্জন ও গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেন।
গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শফিকুর রহমান জানান, নবম ও দশম তলার নির্মাণকাজ সম্পন্ন করা গেলে হাসপাতালের শয্যাসংখ্যা আরও ৫০টি বাড়ানো সম্ভব হবে। পাশাপাশি নতুন করে ২৫টি কেবিন নির্মাণের সুযোগ তৈরি হবে। এতে রোগীদের চিকিৎসাসেবা ও আবাসিক সুবিধা আরও সম্প্রসারিত হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, লক্ষ্মীপুর সদর হাসপাতালের ২৫০ শয্যার নতুন ভবনের নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালে। তবে দীর্ঘ ছয় বছরেও প্রকল্পটির কাজ পুরোপুরি শেষ হয়নি। পরবর্তীতে অবশিষ্ট কাজ সম্পন্ন করতে ২০২৫ সালে ৮ কোটি ৪২ লাখ টাকার নতুন প্রকল্প গ্রহণ করা হয়। এর আগে পুরোনো ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রায় ৩৬ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।
দীর্ঘসূত্রতার কারণে হাসপাতালের নতুন ভবন পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় চিকিৎসাসেবা সম্প্রসারণে নানা সীমাবদ্ধতা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত নির্মাণকাজ শেষ করে ভবনটি চালু করা গেলে লক্ষ্মীপুরের বিপুলসংখ্যক রোগী আধুনিক ও সম্প্রসারিত চিকিৎসাসেবার আওতায় আসবেন।
এমএস/