দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় মিনি পিকআপ, ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। দুর্ঘটনার পর পিকআপচালককে আটক করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার কচুবাড়ি পোস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত দুজনের একজন ভূল্লী উপজেলার বড় বালিয়া এলাকার শাহজাহান আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৪৫)। নিহত অপর ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তাঁর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আটক পিকআপচালক মো. হাবিবুর রহমান (২৪) নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিষকাকুড়ি গ্রামের আব্দুল হামিদের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশে একটি মিনি পিকআপ ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিল। কচুবাড়ি পোস্ট অফিস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শহরগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলের সঙ্গে পিকআপটির ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে তিনটি যানবাহনই ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারা বেগম ও অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হয়। আহত পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভূল্লী থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, দুর্ঘটনার পরপরই পিকআপচালক হাবিবুর রহমানকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
যে আই