দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরার শ্রীপুরে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের অন্তত ১৫টি বাড়িঘর ও একটি দোকানে ভাঙচুর চালানো হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চণ্ডিখালী গ্রামে ইসরাইল মাস্টারের বাড়ির সামনে পাকা সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চণ্ডিখালী গ্রামের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম ও একই গ্রামের সাবেক গয়েশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদ মল্লিকের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এরই জেরে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিরাজুল ইসলামের সমর্থক ইমদাদুল (৪০) ও আকুল (৫০) লাঙ্গলবাঁধ বাজার থেকে বাড়ি ফেরার পথে ইসরাইল মাস্টারের বাড়ির সামনে পৌঁছালে কয়েকজন তাদের ওপর হামলা চালান। এ সময় হাসিব, জিকু, আসাদুল ও রহমতসহ আসাদ মল্লিকের সমর্থকেরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের মারধর করে গুরুতর আহত করেন বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে সিরাজুল ইসলামের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে আসাদ মল্লিকের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আসাদ মল্লিকের সমর্থক সিরাজ (৪০), আলম (৫৫) ও আমিরুল (৫০) আহত হন।
আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সংঘর্ষের সময় দুই পক্ষের অন্তত ১৫টি বাড়িঘর ও একটি দোকানে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে সিরাজুল ইসলাম সমর্থক মন্টু, রাশেদ, সোহেল, ওয়াসিম, মুক্তার, সবুজ ও মিরাজ শেখের দোকান এবং আসাদ মল্লিক সমর্থক সোহরাব খান, আশরাফ খান, মহিদুল মোল্যা, মীর কাসেম, রফিকুল ইসলাম ও মোজাম্মেলসহ কয়েকজনের বাড়িঘর রয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
যে আই