দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। মঙ্গলবার দুপুর ২টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন এনডিই কনস্ট্রাকশন কোম্পানির সিকিউরিটি গার্ড হাসিব (২৫), ট্রাকচালক নাদিম শেখ (২৬) এবং বাসের অজ্ঞাতপরিচয় এক নারী।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, মাদারীপুর থেকে ছেড়ে আসা সোনালী পরিবহনের যাত্রীবাহী বাসটি বৌলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের পাশের খাদে ছিটকে পড়ে এবং ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকে থাকা সিকিউরিটি গার্ড হাসিব ঘটনাস্থলেই নিহত হন। আহত হন বাসের অন্তত ২৫ যাত্রী।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাসের এক অজ্ঞাতপরিচয় নারী ও ট্রাকচালক নাদিম শেখকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এমএস/