দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জে ডাক্তারের স্বাক্ষর জাল করে মনগড়া মেডিকেল রিপোর্ট দেওয়ার অভিযোগে একটি ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানটির প্যাথলজি বিভাগ সিলগালা করে দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার ছবেদ মার্কেটের চতুর্থ তলায় অবস্থিত নিউ হাই কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়েছে ভোক্তা অধিদপ্তর।
কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটির প্যাথলজিস্ট লিটন দাস এমবিবিএস চিকিৎসক ডা. আশরাফুজ্জামানের স্বাক্ষর জাল করে মনগড়া মেডিকেল রিপোর্ট দিয়ে আসছিলেন। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্যাথলজি বিভাগটি সিলগালা করে দেওয়া হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ডাক্তারের স্বাক্ষর জাল করে মনগড়া রিপোর্ট দেওয়ার প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং প্যাথলজি বিভাগ সিলগালা করা হয়েছে। এছাড়া সব কাগজপত্র ও নিয়মকানুন মেনে এবং সিভিল সার্জন কার্যালয়ের সম্মতি নিয়ে প্রতিষ্ঠান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে নিউ হাই কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক দিবেশ বলেন, যে অপরাধ হয়েছে, তা গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবে না।
চিকিৎসা পরীক্ষার রিপোর্টে জালিয়াতির মতো গুরুতর অভিযোগে এমন অভিযানকে জনস্বার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এমএস/