দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খুলনার রূপসা উপজেলায় ইটভাটার ভেতরে ঢুকে ফখরুল শেখ (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কিসমত খুলনা গ্রামের মেসার্স রূপসা ব্রিকস ইটভাটায় এ ঘটনা ঘটে।
নিহত ফখরুল শেখ নৈহাটি গ্রামের বাসিন্দা। তিনি রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা এবং বর্তমানে যুবদলের কর্মী হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার দুই মেয়ে রয়েছে।
স্বজনেরা জানান, মেসার্স রূপসা ব্রিকস ইটভাটাটি ফখরুলদের। ভাটায় বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটায় নিরাপত্তার জন্য তিনি মাঝেমধ্যে রাতে সেখানে পাহারার দায়িত্ব পালন করতেন। ঘটনার সময়ও তিনি ইটভাটার ভেতরে অবস্থান করছিলেন।
স্থানীয়দের ভাষ্য, রাত আনুমানিক ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ইটভাটায় ঢুকে ফখরুলকে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা সেখানে গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে কারা এবং কী কারণে ফখরুলকে গুলি করে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের পেছনে পূর্ববিরোধ, রাজনৈতিক বিরোধ নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
এমএম/