দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী পাতিল বাইচ প্রতিযোগিতা। ব্যতিক্রমী এ আয়োজন ঘিরে উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাব গ্রামে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন এলাকা থেকে আসা প্রতিযোগী ও দর্শনার্থীদের উপস্থিতিতে প্রাণ ফিরে পায় গ্রামীণ খেলাধুলার ঐতিহ্য।
শনিবার (৮ আগস্ট) সকালে কেরাব গ্রামে স্থানীয় যুবদলের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে রূপগঞ্জের বিভিন্ন এলাকার প্রতিযোগীরা অংশ নেন। সকাল থেকেই প্রতিযোগিতা দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষসহ নানা বয়সী মানুষ ভিড় জমাতে শুরু করেন।
আয়োজকরা জানান, প্রতিযোগিতায় অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে খেলোয়াড়রা এসে নিবন্ধন করেন। পরে নির্ধারিত নিয়মে একাধিক ধাপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মোট ৯ জন প্রতিযোগী এতে অংশ নেন।
প্রতিযোগিতায় দক্ষতা ও কৌশল দেখিয়ে প্রথম স্থান অর্জন করেন দিঘুলিয়া গ্রামের সোলমান মিয়া। দ্বিতীয় হন কেরাব গ্রামের নুরুল হক এবং তৃতীয় স্থান অর্জন করেন কলাতলী গ্রামের আলামিন। বিজয়ীদের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে ২১ ইঞ্চি এলইডি টেলিভিশন, দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি মোবাইল ফোন এবং তৃতীয় পুরস্কার হিসেবে একটি ঘড়ি দেওয়া হয়। সোলমান মিয়া প্রথম স্থান অর্জন করায় দিঘুলিয়া গ্রামের দর্শকদের মধ্যে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস।
স্থানীয়রা জানান, একসময় বর্ষা মৌসুম এলেই রূপগঞ্জের বিভিন্ন এলাকায় পাতিল দৌড়, নৌকাবাইচসহ নানা ধরনের গ্রামীণ খেলাধুলার আয়োজন হতো। এসব খেলা দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসতেন। তবে শিল্পায়ন, নগরায়ন ও বিভিন্ন আবাসন প্রকল্পের কারণে পুকুর, খাল-বিল ও জলাশয় ভরাট হয়ে যাওয়ায় এসব ঐতিহ্যবাহী খেলার আয়োজন দিন দিন কমে যাচ্ছে।
পাতিল দৌড় দেখতে আসা দর্শনার্থীরা বলেন, এটি আমাদের গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। বিভিন্ন হাউজিং প্রকল্পের কারণে পুকুর-নালা ভরাট হয়ে যাওয়ায় আগের মতো বড় পরিসরে এসব খেলা আয়োজনের সুযোগ নেই। তারপরও ছোট জলাশয়ে এমন আয়োজন মানুষকে আনন্দ দিয়েছে। হারিয়ে যেতে বসা এই খেলাটি টিকিয়ে রাখতে নিয়মিত আয়োজনের দাবি জানান তারা।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান। তিনি বলেন, গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা ধরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। তরুণ প্রজন্মকে মাদকসহ বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুও তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার বিষয়ে উৎসাহ দিয়ে আসছেন বলে তিনি জানান।
স্থানীয়রা জানান, এ ধরনের আয়োজন শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং নতুন প্রজন্মের কাছে হারিয়ে যাওয়া গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরারও একটি কার্যকর উদ্যোগ। শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের মানসিক বিকাশ ও সামাজিক সম্প্রীতি বাড়াতেও ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কেএম