দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় উদ্ধার কাজ শেষ করেছে রেলওয়ের উদ্ধারকারী দল। প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর মঙ্গলবার বিকেল ৫টা ৪৫ মিনিটে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর ফলে ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ পুনরায় চালু হয়েছে।
রেলওয়ে পুলিশ ও স্টেশন সূত্রে জানা যায়, ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে একাধিক আন্তঃনগর ট্রেন আটকা পড়ে এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পাবনার ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। রেলওয়ের প্রকৌশলী ও কর্মীরা লাইনচ্যুত বগিটি সরিয়ে ট্র্যাক সচল করেন।
রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বগিটি লাইন থেকে সরিয়ে ট্র্যাক চলাচলের উপযোগী করা হয়েছে। বর্তমানে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশন এলাকায় সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। লাইনচ্যুতির কারণে যমুনা সেতুর উভয় পাশে অন্তত পাঁচটি ট্রেন আটকা পড়ে এবং যাত্রীরা দীর্ঘ সময় দুর্ভোগে ভোগেন।
এমএস/