দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের বিরামপুরে সরকারি খাস পুকুর ইজারা কার্যক্রম চলাকালে দায়িত্বরত এক পুলিশ কনস্টেবলকে লাথি মেরে আহত করার অভিযোগে বিএনপি নেতার ছেলেসহ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১২টার দিকে বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করে মামলা করেন।
মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন রাহাদুজ্জামান পরাগ (২৭), যিনি বিরামপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম বাবুর ছেলে এবং আল আমিন হোসেন (২৫), বিরামপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
মামলার এজাহারে বলা হয়েছে, সোমবার দুপুরে উপজেলা পরিষদের অর্পিত সরকারি পুকুরের প্রকাশ্য ইজারা কার্যক্রম চলাকালে কয়েকজন যুবক সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং ইউএনওর কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা এগিয়ে গেলে অভিযুক্তরা তাদের সঙ্গে ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
এ সময় কনস্টেবল মো. নুরুজ্জামানকে এলোপাতাড়ি লাথি মেরে আহত করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে ধারণ করা ভিডিও মুছে ফেলতেও পুলিশ সদস্যদের বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
পরে অন্য পুলিশ সদস্যরা আহত কনস্টেবলকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তিনি প্রাথমিক চিকিৎসা নেন।
বিরামপুর থানার তদন্ত কর্মকর্তা শামিম আল মামুন বলেন, দুইজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করে মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা খাতুন বলেন, তার কার্যালয়ের সামনে সরকারি পুকুরের ইজারা কার্যক্রম চলাকালে কয়েকজন যুবক সরকারি কাজে বাধা সৃষ্টি করেন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা হয়েছে। তদন্তের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জে আই