দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালী শহরের পলিটেকনিক এলাকায় অভিযান চালিয়ে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
আটক দুজন হলেন সুমাইয়া আক্তার ও মাহিনুর।
বুধবার (২৯ জুলাই) রাতে পলিটেকনিক এলাকার অ্যাডভোকেট আখির চেম্বারের সামনে অভিযান চালিয়ে সুমাইয়াকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাহিনুরের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, সুমাইয়ার কাছ থেকে ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। পরে মাহিনুরের বাসায় তল্লাশি চালিয়ে আরও ৬০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পটুয়াখালী সদর থানার উপপরিদর্শক (এসআই) কমল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই নারীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে হেরোইন, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
অন্যদিকে আটক সুমাইয়া আক্তার পুলিশের কাছে দাবি করেছেন, অ্যাডভোকেট আখি তাকে একটি প্যাকেট এক নারীর কাছে পৌঁছে দিতে বলেছিলেন। প্যাকেটটি বুঝিয়ে দেওয়ার পর ওই নারী তাকে টাকা দেন। পরে তিনি সেই টাকা অ্যাডভোকেট আখির চেম্বারে পৌঁছে দেন। চেম্বারে থাকা এক ব্যক্তি পাশের একটি বিকাশ এজেন্টের মাধ্যমে টাকাটি অ্যাডভোকেট আখির কাছে পাঠিয়ে দেন বলেও দাবি করেন তিনি।
এদিকে স্থানীয় কয়েকজনের অভিযোগ, পলিটেকনিক এলাকায় দীর্ঘদিন ধরে কয়েকটি পরিবার মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের দাবি, আটক দুই নারীর পরিবারের সদস্যদের বিরুদ্ধেও মাদক কারবারে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, আটক দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
এমএম/