দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর গলাচিপায় এতিমখানায় বিতরণের জন্য দেওয়া মাছ আত্মসাতের অভিযোগে দুজনকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার রতনদি তালতলী ইউনিয়নের বন্যাতলী খেয়াঘাট-সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, মা ইলিশ সংরক্ষণ অভিযানের সময় মঙ্গলবার নদী থেকে অবৈধভাবে আহরণ করা প্রায় ২৫ কেজি ইলিশসহ অন্যান্য মাছ জব্দ করা হয়। পরে মাছগুলো তিনটি মাদ্রাসা ও একটি এতিমখানায় বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
পরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বিতরণ করা মাছের একটি অংশ এতিমখানায় না দিয়ে বাড়িতে নিয়ে গেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিষয়টি জানতে পেরে রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইনকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট মাদ্রাসা ও এতিমখানায় অভিযান চালান।
অভিযানকালে মোহাম্মদ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসাটি তালাবদ্ধ পাওয়া যায়। পরে মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি জানান, মাদ্রাসাটি আবাসিক নয় এবং বিতরণের জন্য পাওয়া মাছ তিনি নিজের বাড়িতে নিয়ে গেছেন। স্থানীয় আবুল হোসেনের (৫৫) সঙ্গে মাছ ভাগাভাগি করে নেওয়ার কথাও জানান তিনি।
অন্যদিকে, বাকি দুটি মাদ্রাসায় বিতরণ করা মাছ যথাযথভাবে পৌঁছেছে বলে অভিযানকালে নিশ্চিত হন ভ্রাম্যমাণ আদালত।
ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় মোহাম্মদ আব্দুল্লাহ ও আবুল হোসেনকে প্রত্যেককে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এমএস/