দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জে দুটি মোটরসাইকেলের বেপরোয়া গতির প্রতিযোগিতাকে কেন্দ্র করে মর্মান্তিক দুর্ঘটনায় তিন যুবক নিহত হয়েছেন।
শুক্রবার রাতে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চামটা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট গ্রামের অশিত কুন্ডুর ছেলে অচিন্ত্য কুন্ডু, মাদারীপুরের রাজৈর উপজেলার নাগরদী গ্রামের মাহেন্দ্রনাথ বাড়ৈর ছেলে উজ্জ্বল বাড়ৈ এবং একই উপজেলার গোয়ালকান্দি গ্রামের শাহিন বেপারীর ছেলে ফয়সাল বেপারী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের চামটা ব্রিজ এলাকা থেকে দুটি মোটরসাইকেলে করে ওই তিন যুবক গতি প্রতিযোগিতা (রেস) দিয়ে মাদারীপুরের টেকেরহাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চামটা ব্রিজের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অচিন্ত্য কুন্ডু মারা যান।
দুর্ঘটনায় অন্য মোটরসাইকেলে থাকা ফয়সাল ও উজ্জ্বল গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে এবং ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় অপরজনের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বৌলতলী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুন জানান, বেপরোয়া গতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কেএম