দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরে ১২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ছয়তলা ডায়াবেটিস হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকালে শহরের চৌরাস্তা এলাকায় নবনির্মিত ভবনের উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ভাড়া করা ভবনে ডায়াবেটিস রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। এতে নিয়মিত স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছিল। আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে হাসপাতাল ভবন নির্মাণ করা হয়। গণপূর্ত অধিদপ্তর ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করে। বিভিন্ন জটিলতা কাটিয়ে ভবনটি উদ্বোধন করা হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সুস্থ জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ রোগীদের পাশাপাশি অসহায় ও দুস্থ রোগীরাও যাতে সহজে চিকিৎসাসেবা পান, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে গুরুত্ব দিতে হবে। তারা আরও বলেন, ব্যবসায়িক মনোভাব পরিহার করে মানবিক দৃষ্টিভঙ্গিতে চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে এবং সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মাদারীপুর ডায়াবেটিস সমিতির সভাপতি কাজী হুমায়ুন কবির, গণপূর্ত অধিদপ্তরের মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মোহাম্মদ শহীদ, মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. অখিল সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।