দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মৌলভীবাজার ও সিলেট জেলার দায়িত্বপ্রাপ্ত ৫২ বিজিবি ব্যাটালিয়ন এবং র্যাব-৯ এর যৌথ অভিযানে প্রায় ৩ কোটি ২৫ লাখ টাকা মূল্যের ভারতীয় ওষুধ, শাড়ি ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকায় সীমান্তবর্তী অঞ্চলে এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি জানায়, অভিযানের সময় টহল দল একটি সন্দেহজনক কাভার্ড ভ্যানকে থামার সংকেত দিলে চালক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে গাড়িটি ফেলে পালিয়ে যান। পরে পরিত্যক্ত ভ্যানটি তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ওষুধ, শাড়ি এবং বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান জানান, জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৫০ টাকা।
তিনি আরও জানান, সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। দেশের অর্থনীতি, জনস্বাস্থ্য ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
জব্দ করা পণ্য ও পরিত্যক্ত কাভার্ড ভ্যানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
কেএম