দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয়ে ঢুকে পড়া প্রায় ১৮ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার ৫ নম্বর পুল এলাকার বন্ধন কমিউনিটি সেন্টারের পাশ থেকে সাপটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে ওই এলাকার বাসিন্দা ওয়াশিম মিয়া রাস্তার পাশে বিশাল আকৃতির অজগরটি দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। একপর্যায়ে সাপটিকে দেখতে উৎসুক মানুষের ভিড় জমে এবং কেউ কেউ সেটিকে হত্যা করারও চেষ্টা করেন।
পরে স্থানীয় সচেতন ব্যক্তিদের দেওয়া খবরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও বাবুল রবিদাস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় সাপটিকে নিরাপদে উদ্ধার করেন।
উদ্ধারকারীরা জানান, অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৮ ফুট এবং ওজন আনুমানিক ৩০ থেকে ৩৫ কেজি। উদ্ধারকালে সাপটি সুস্থ ছিল।
পরে অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে সাপটিকে উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, ‘অজগরসহ সব বন্যপ্রাণী দেশের জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। লোকালয়ে বন্যপ্রাণী চলে এলে আতঙ্কিত হয়ে হত্যা না করে বন বিভাগ বা সংশ্লিষ্ট উদ্ধারকারী প্রতিষ্ঠানে খবর দেওয়া উচিত। এতে মানুষ ও বন্যপ্রাণী—উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।’
স্থানীয়রা জানান, সময়মতো উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোয় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণে এমন উদ্যোগের প্রশংসা করেন তারা।
এমএস/