দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার মামলায় গ্রেপ্তার আসামি রবিউল শিকদার রবি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের প্রথম দিনের জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এরপর আদালতের নির্দেশে বুধবার (২২ জুলাই) রাতে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে বুধবার সকালে নড়াইল সদর আমলি আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ওসি অজয় কুমার কুন্ডু আরও বলেন, মামলার তদন্ত দ্রুত শেষ করে অল্প সময়ের মধ্যেই অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার দত্তপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে স্থানীয় লোকজন রবিউল শিকদারকে আটক করে পুলিশে সোপর্দ করে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত জান্নাতুল মাওয়া (৫) নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর (পাচুড়িয়াপাড়া) গ্রামের রাজমিস্ত্রি মফিজুর শেখের মেয়ে। অভিযোগ অনুযায়ী, সোমবার বিকেলে প্রতিবেশী রবিউল শিকদার তাকে নিজের ঘরে নিয়ে যান। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে খুঁজতে গিয়ে রবিউলের ঘরের ভেতরে কাপড়ে মোড়ানো অবস্থায় তাকে উদ্ধার করেন। দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহত শিশুর বাবা মফিজুর শেখ বাদী হয়ে রবিউল শিকদারের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন।
উল্লেখ্য, ধর্ষণ ও হত্যার অভিযোগ এবং আসামির দেওয়া জবানবন্দির বিষয়ে চূড়ান্ত সত্যতা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।
এমএম/