দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার সদর উপজেলার ভোমরায় ফুটবল খেলা দেখার সময় কবরস্থানের একটি গেটের ছাদ ধসে সজিব হোসেন (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার তিন বন্ধু গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে ভোমরা বলফিল্ডসংলগ্ন একটি কবরস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজিব হোসেন ভোমরা গ্রামের আবুল হাসানের ছেলে। তিনি ভোমরা পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
আহতরা হলেন একই এলাকার আশিক, জয় ও তাজিম। তাদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাসুদুর রহমান জানান, ভোমরা বলফিল্ডে ‘এভারগ্রিন ক্লাব’-এর আয়োজনে একটি ফুটবল টুর্নামেন্ট চলছিল। খেলা দেখতে এসে সজিব ও তার তিন বন্ধু মাঠের পাশে অবস্থিত একটি কবরস্থানের অসম্পূর্ণ গেটের ছাদের নিচে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ ছাদটি ভেঙে তাদের ওপর পড়ে।
তিনি বলেন, ছাদের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সজিবের মৃত্যু হয়। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ওসি জানান, আহত আশিকের একটি পা, তাজিমের কোমরের হাড় এবং জয়ের একটি হাত ভেঙে গেছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
জে আই