দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাদক কারবারিদের হামলায় আরাফাত হোসেন ফাহিম (১৫) নামে দশম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন।
বুধবার (১০ জুন) রাত ৯টার দিকে উপজেলার দেবীসিংহপুর গ্রামের আঞ্জু মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ফাহিম পাশ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের শাহজাহানের ছেলে। তিনি স্থানীয় পৌর হাজীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন। বেড়াতে তিনি সেনবাগে তার নানার বাড়িতে এসেছিলেন।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের ভাষ্য, আঞ্জু মিয়াজী বাড়ির উঠান ও চলাচলের পথ ব্যবহার করে দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী এলাকার হারুন ও তার সহযোগীরা মাদক ব্যবসা চালিয়ে আসছিল। বুধবার সন্ধ্যায় বাড়ির পাশে কয়েকজনকে মাদক সেবন করতে দেখে স্থানীয়রা তাদের ধাওয়া দিলে তারা সেখান থেকে সরে যায়।
পরে রাত ৯টার দিকে হারুন, মমিন ও জাহাঙ্গীরের নেতৃত্বে একদল ব্যক্তি বাড়িটিতে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন স্থানীয়রা। এ সময় বাড়ির লোকজন প্রতিরোধের চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
সংঘর্ষের একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে ফাহিম, শাকিব, রিফাত এবং হামলাকারী দলের সদস্য হারুনসহ অন্তত পাঁচজন আহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহত অবস্থায় হারুন নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
সেনবাগ থানার ডিউটি অফিসার শিমুল ফাহিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয়দের দাবি অনুযায়ী মাদক ব্যবসায়ীদের হামলায় ওই ছাত্র নিহত হয়েছে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জে আই