দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরায় পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে নির্মিত একটি সরকারি ভবন স্থানীয় এক বিএনপি নেতা পরিবার নিয়ে ব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে প্রায় ২ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ছয়টি বহুমুখী সরকারি ভবনের অধিকাংশই দীর্ঘদিন ধরে অকার্যকর পড়ে থাকার অভিযোগও রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরে নদীভাঙন প্রতিরোধ, পানি ব্যবস্থাপনা, কৃষি ও সেচবিষয়ক প্রশিক্ষণ এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে ভবনগুলো নির্মাণ করা হয়। তবে নির্মাণের কয়েক বছর পরও অধিকাংশ ভবনে কোনো কার্যক্রম পরিচালিত হচ্ছে না। অনেক ভবন দীর্ঘদিন ধরে তালাবদ্ধ রয়েছে।
সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে সদর উপজেলার আমুড়িয়া এলাকার একটি ভবন নিয়ে। স্থানীয়দের দাবি, কুচিয়ামোড়া ইউনিয়নের ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. জসিম সরকারি ভবনটি দখল করে পরিবার নিয়ে বসবাস করছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তার দাবি, সরকারি ভবন দখল করে বসবাসের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারোয়ার জাহান সুজন বলেন, প্রতিটি ভবন নির্মাণে প্রায় ৪২ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঝিনাইদহের উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুল মোত্তালিব বলেন, ভবনগুলো সভা, প্রশিক্ষণ ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার জন্য নির্মাণ করা হয়েছে। সেখানে কোনো পরিবারের বসবাস করার সুযোগ নেই।
স্থানীয় সচেতন মহল ভবনগুলোর বর্তমান অবস্থা তদন্ত, সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত এবং সরকারি ভবন দখলের অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
এমএম/