দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের মুলাদী উপজেলায় নিখোঁজের তিন দিন পর মো. হারুন হাওলাদার (৫৯) নামে এক ব্যক্তির মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্ত্রী সেলিনা বেগমকে (৪৬) আটক করা হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামে নিজ বাড়ির পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ ও পরকীয়াজনিত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কয়েক দিন ধরে হারুন হাওলাদার নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে তার ছেলে মোস্তফা মুলাদী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি অভিযোগ করেন।
সোমবার সকালে স্থানীয়রা বাড়ির পেছনে একটি স্থানের মাটি আলগা এবং বাঁশের কঞ্চি দিয়ে ঢেকে রাখা দেখে সন্দেহ করেন। পরে সেখানে খোঁড়াখুঁড়ি করে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মাটি খুঁড়ে হারুন হাওলাদারের লাশ উদ্ধার করে।
ঘটনার পর সেলিনা বেগমের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করে থানায় নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তদন্তে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সোহেল রানা বলেন, ‘বাড়ির পেছন থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় হারুন হাওলাদারের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।’
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
এমএস/