দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজবাড়ী ও ফরিদপুর জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় এক নারী ও এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে মরদেহ দুটি উদ্ধার করা হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ জানায়, ফরিদপুর সদর উপজেলার চর মাধবদীয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আনসার মাতব্বরের ডাঙ্গি এলাকা এবং রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বগেরটিলা গ্রামের সীমান্তবর্তী এখলাস মাতুব্বরের কলাবাগান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, কলাবাগানের মালিক এখলাস মাতুব্বর বাগানে কাজ করতে গিয়ে মাটির ওপর মানুষের একটি পা বের হয়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি ফরিদপুর সদর থানায় জানান।
খবর পেয়ে ফরিদপুর সদর থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। সীমান্তসংক্রান্ত জটিলতার কারণে গোয়ালন্দ ঘাট থানাকেও অবহিত করা হয়। পরে দুই থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে মাটিচাপা দেওয়া অবস্থায় নারী ও শিশুর মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট উপস্থিত হয়ে আলামত সংগ্রহ ও তদন্ত কার্যক্রম শুরু করেছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিদুল ইসলাম শাহিদ বলেন, “মরদেহ দুটি যেখান থেকে উদ্ধার করা হয়েছে, সেটি ফরিদপুর জেলার সীমানার মধ্যে পড়েছে। তারপরও বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট তদন্ত শুরু করেছে।”
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে মরদেহ দুটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, মরদেহ দুটি কোন থানার অধীনে হস্তান্তর করা হবে সে বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি নিহতদের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
জে আই