দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীর পলাশে নির্জন স্থানে এক বৃদ্ধের মরদেহ ফেলে রেখে গুমের চেষ্টা করার অভিযোগে এক মাইক্রোবাস চালককে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার (২৪ জুন) সকাল ৮টার দিকে উপজেলার বাগদি এলাকায় পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের পাশে এ ঘটনা ঘটে। পরে উত্তেজিত জনতা চালককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
আটক চালকের নাম মনির হোসেন। তিনি বরিশালের বানারীপাড়া উপজেলার চিরাপাড়া গ্রামের মৃত জলিল হাওলাদারের ছেলে। তবে উদ্ধার হওয়া বৃদ্ধের পরিচয় এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাগদি এলাকার সড়কের পাশে একটি মাইক্রোবাস থামিয়ে রক্তাক্ত ও গুরুতর আহত এক বৃদ্ধকে ফেলে দেওয়ার চেষ্টা করছিলেন চালক। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা তাকে হাতেনাতে আটক করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা চালককে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে আটক করে এবং মুমূর্ষু অবস্থায় থাকা বৃদ্ধকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির হোসেন দাবি করেন, গাবতলী এলাকার একটি পাম্পের সামনে চার থেকে পাঁচজন ব্যক্তি ওই বৃদ্ধকে মুমূর্ষু অবস্থায় তার গাড়িতে তুলে দেয়। তাদের কথামতো তিনি বৃদ্ধকে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা হন। তবে পথে পুলিশের ঝামেলার আশঙ্কায় ভীত হয়ে নরসিংদীর ওই নির্জন স্থানে তাকে ফেলে রেখে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ‘বৃদ্ধকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত গাড়িচালককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।’
এমএস/